আসন্ন মধ্যবর্তী নির্বাচনে আলাস্কা স্টেইটে সিনেটের নির্বাচনী ফলাফল আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা ঠেকাতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে বৃহস্পতিবার আগাম মামলা করেছে ডিপার্টমেন্ট অব জাস্টিস-ডিওজে।
সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মামলার নির্দেশ দেওয়ার বিষয়টি ট্রাম্প নিশ্চিত করেন।
ট্রাম্প জানান, স্টেইটটিতে রিপাবলিকান প্রার্থীর সঙ্গে একজন স্বতন্ত্র প্রার্থীর নামের সাদৃশ্য থাকায় নির্বাচন সুষ্ঠু না হওয়ার শঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
আলাস্কার বর্তমান রিপাবলিকান সিনেটর ড্যান এস. সুলিভানের পাশাপাশি নির্বাচনে প্রার্থী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ড্যান জে. সুলিভান। রিপাবলিকানদের অভিযোগ, ড্যান জে. সুলিভান ইচ্ছাকৃতভাবে ভোটারদের বিভ্রান্ত করতে এবং বর্তমান সিনেটরের ভোট কমাতে প্রার্থী হয়েছেন।
ট্রাম্প ড্যান জে. সুলিভানকে ‘ভুয়া’ প্রার্থী আখ্যা দিয়ে বলেন, ‘দুজন প্রার্থীর নামই ড্যান সুলিভান। ডেমোক্র্যাটরা এমন একজনকে প্রার্থী করেছে, যিনি কখনো ভোট দিয়েছেন বলেও আমার মনে হয় না।’
তবে দলীয় পরিচয় ছাড়া নির্বাচনে অংশ নেওয়া ড্যান জে. সুলিভান দ্য নিউইয়র্ক টাইমসকে জানিয়েছিলেন, অতীতে তিনি ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের প্রার্থীদের ভোট দিয়েছেন।
ভোটের ফল নিয়ে বিচার বিভাগের আশঙ্কা
ডিওজে মামলায় বলা হয়েছে, ড্যান এস. সুলিভান নির্বাচনে হেরে গেলে এবং ড্যান জে. সুলিভানের পাওয়া ভোটগুলো অন্য প্রার্থী পেলে ফল ভিন্ন হতো—এমন পরিস্থিতি এড়ানো জরুরি। সে কারণে ভোটারদের বিভ্রান্তির প্রভাব থাকতে পারে, এমন কোনো নির্বাচনী ফল চূড়ান্ত না করার দাবি জানিয়েছে ডিওজে।
ডিওজের তৃতীয় সর্বোচ্চ পদধারী কর্মকর্তা স্ট্যানলি উডওয়ার্ড আদালতে দাখিল করা নথিতে বলেন, ড্যানিয়েল জে. সুলিভানকে ব্যালটে রাখার কারণে নির্বাচনের ফল প্রভাবিত হলে এবং আলাস্কা সেই ফল চূড়ান্ত করলে, স্টেইট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্বাচনের স্বচ্ছতা রক্ষার দায়িত্ব পালনে ব্যর্থ হবেন।
এ নির্বাচনে বর্তমান সিনেটর ড্যান এস. সুলিভানের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলা এবং স্বতন্ত্র প্রার্থী ড্যান জে. সুলিভান।
ডিওজের এক মুখপাত্রের দাবি, আলাস্কার নির্বাচন বিভাগ ড্যান জে. সুলিভানের প্রার্থিতাকে ভোটারদের বিভ্রান্ত করা এবং ব্যালটের ন্যায্যতা ক্ষুণ্ন করার প্রচেষ্টা হিসেবে বিবেচনা করেছে। এ কারণে নির্বাচনের স্বচ্ছতা রক্ষায় কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়।
তবে মামলাটির সমালোচনা করেছে মেরি পেলটোলার নির্বাচনী প্রচারশিবির। তাদের ভাষায়, এটি ‘নির্বাচনের ফল উল্টে দেওয়ার জন্য একটি নিন্দনীয় রাজনৈতিক হুমকি’।
অন্যদিকে, ড্যান এস. সুলিভানের এক মুখপাত্র বলেছে তারা ডিওজের মামলার অগ্রগতি পর্যবেক্ষণ করবেন। আলাস্কার ভোটাররা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা ও বর্তমান সিনেটরের কাজের রেকর্ডের পার্থক্য বুঝতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি।