হোয়াইট হাউসের ভাষ্য
অ্যামেরিকানদের দুই হাজার ডলার করে দিতে অঙ্গীকারবদ্ধ ট্রাম্প

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৩ ২০২৫, ১৮:৫৮ হালনাগাদ: ডিসেম্বর ২৫ ২০২৫, ০:১২

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

  • 0

লেভিট বুধবার সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘হোয়াইট হাউস কর্তৃপক্ষ ট্রাম্পের এ পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এ অর্থ কীভাবে প্রদান করা হবে, সেটি নির্ণয়ে সপ্তাহজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে।’

উচ্চ আয়ের লোকজন বাদে প্রত্যেক অ্যামেরিকানকে শুল্ক লভ্যাংশের দুই হাজার ডলার করে দিতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট।

তিনি বুধবার সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘হোয়াইট হাউস কর্তৃপক্ষ ট্রাম্পের এ পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এ অর্থ কীভাবে প্রদান করা হবে, সেটি নির্ণয়ে সপ্তাহজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে।’

লেভিট আরও জানান, ট্রাম্পের অর্থনীতিবিষয়ক উপদেষ্টা পরিষদ পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। কেননা প্রেসিডেন্ট প্রকৃতপক্ষেই প্রত্যেককে এ অর্থ দিতে চান।

ট্রাম্পের এ পরিকল্পনা নিয়ে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সংশয় প্রকাশ করার পরিপ্রেক্ষিতে এসব কথা জানান লেভিট।

বেসেন্ট রবিবার তার এক বক্তব্যে উল্লেখ করেছিলেন, দুই হাজার ডলার অর্থ প্রদান বলতে বিভিন্ন ক্ষেত্রে কর ছাড় দেওয়া বোঝানো হতে পারে।

এটি ট্রাম্পের বিগ বিউটিফুল বিলের অংশও হতে পারে বলে ওই সময় উল্লেখ করেন তিনি।

ট্রাম্পের এ পরিকল্পনা নিয়ে সংশয় প্রকাশ করেন অর্থনীতিবিদরাও।

ট্যাক্স ফাউন্ডেশনের নীতি বিশেষজ্ঞ এরিকা ইয়র্কের ভাষ্য, ট্রাম্প যদি এক হাজার ডলার বা তার কম আয়ের অ্যামেরিকানদের দুই হাজার ডলার করে অর্থ দিতে চান, তাহলে এক কোটি ৫০ লাখ অ্যামেরিকান এ অর্থ পাবেন।

সবাইকে এ অর্থ দিতে প্রয়োজন ৩০০ বিলিয়ন ডলার শুল্ক, কিন্তু ফেডারেল সরকার গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১৯৫ বিলিয়ন ডলার শুল্ক আদায় করেছে।