ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চকে স্থায়ীভাবে ওই পদে নিয়োগ দিতে মনোনয়ন দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, বুধবার রাতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনো প্রকাশিত একটি ভিডিওতে ট্রাম্পকে এ ঘোষণা দিতে দেখা যায়।
ভিডিওতে ট্রাম্প জানান, তিনি আজ ব্লাঞ্চের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, সেনেটে অনুমোদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।
সেনেটের অনুমোদন পেলে ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী ব্লাঞ্চ ডিপার্টমেন্ট অব জাস্টিস-ডিওজের প্রধান আইনি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে এপ্রিল মাসে ট্রাম্প প্রশাসন প্যাম বন্ডিকে অপসারণ করার পর ব্লাঞ্চ ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব নেন।
ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ব্লাঞ্চ অতীতে বিভিন্ন মামলায় ট্রাম্পের পক্ষে কাজ করেছেন। এর মধ্যে ছিল গোপন নথি সংরক্ষণ এবং ২০২০ সালের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টার অভিযোগ সংক্রান্ত মামলাগুলো। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর এসব মামলা প্রত্যাহার করা হয়।
সাম্প্রতিক সময়ে ব্লাঞ্চ একটি বিতর্কিত তহবিল পরিকল্পনা নিয়েও আলোচনায় ছিলেন। সরকারের ক্ষমতার অপব্যবহারে ক্ষতিগ্রস্ত বলে দাবি করা ব্যক্তিদের সহায়তায় ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠনের প্রস্তাব দিয়েছিল জাস্টিস ডিপার্টমেন্ট। কিন্তু রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের কিছু আইনপ্রণেতার বিরোধিতার মুখে পরিকল্পনাটি শেষ পর্যন্ত বাতিল করা হয়।