হোয়াইট হাউসে সিএনএনসহ ৩টি অ্যামেরিকান গণমাধ্যমের প্রবেশাধিকার নিষিদ্ধের পর এবার ট্রাম্প টিভি নামে সম্প্রচার মাধ্যম চালু করল প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন।
সংবাদমাধ্যম দ্য হিল জানায়, সোমবার থেকে ট্রাম্পের নির্দেশে নতুন এ চ্যানেলের সম্প্রচার শুরু হয়েছে। চ্যানেলটি ২৪ ঘণ্টা ইউটিউব প্লাটফর্মে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকাণ্ড সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করবে।
হোয়াইট হাউস কর্তৃপক্ষ সামাজিকমাধ্যম এক্সের এক পোস্টে জানায়, চ্যানেলটিতে ট্রাম্প প্রশাসন কর্তৃক নেওয়া সব সিদ্ধান্ত, কর্মকাণ্ড এবং অতীত ও বর্তমানের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তৎক্ষণাৎ প্রচার করে হবে।
একইসঙ্গে, এর আগে প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন সংবাদমাধ্যম প্রচার করেনি- এমন দাবি করে লেখা হয়, ‘সব বড় ইস্যুই আপনার টিভি চ্যানেলে আসেনি, তবে এখন এটা সম্ভব।’
ট্রাম্প টিভির সম্প্রচার এমন সময় শুরু হলো, যখন তার কয়েকদিন আগে হোয়াইট হাউসে সিএনএন, পলিটিকো ও এমএস নাউ-এর মতো জনপ্রিয় তিনটি গণমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশ নিষিদ্ধ করেন ট্রাম্প।
তার দাবি, এই তিনটি গণমাধ্যমসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম প্রেসিডেন্ট ও তার প্রশাসন নিয়ে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করছে।
ইতোমধ্যে, সংবাদমাধ্যমের স্বাধীনতা ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে অভিযুক্ত তিন সংবাদমাধ্যম। সেইসঙ্গে বিভিন্ন গণমাধ্যমকে ওই ঘটনায় সংহতি জানিয়ে সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের একটি কর্মসূচীতে অনুপস্থিত থাকতে দেখা যায়।
এমন সময় ট্রাম্পের নিজস্ব চ্যানেল শুরুর ঘটনাটি নেতিবাচকভাবে দেখছেন সমালোচকেরা। সামাজিক মাধ্যমে এটিকে রাষ্ট্রায়ত্ত্ব টিভি বলেও বিদ্রূপ করছেন নেটিজেনরা।