প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে হোয়াইট হাউসের অবকাঠামোগত সংস্করণ ও জাঁকজমকপূর্ণ পরিবর্তন নিয়ে বিদ্রূপ ও কড়া সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
মধ্যবর্তী নির্বাচন উপলক্ষ্যে শনিবার মিশিগানে ডেমোক্র্যাটিক পার্টির প্রচারণায় হোয়াইট হাউসের সংস্কার নিয়ে মন্তব্য করেন তিনি।
জনসভায় ওবামা বিদ্রূপাত্মক ভঙ্গিতে বলেন, ‘’আপনারা বিষয়টি খেয়াল করেছেন কি না জানি না, তবে মনে হচ্ছে তিনি (ট্রাম্প) বাড়িঘরের নানা সংস্কার কাজ নিয়েই খুব বেশি ব্যস্ত।
‘’তার তো এইচজিটিভি-তে একটা শো করা উচিত! তিনি এমন একটা বলরুম বানাচ্ছেন যা খোদ হোয়াইট হাউসের চেয়েও বড়। রোজ গার্ডেন পাকা করে সেখানে হেলিকপ্টার নামার প্যাড বানিয়েছেন। আর সব জায়গায় শুধু সোনা আর সোনা, ব্যাপার কী বলুন তো?’’’
ওবামা আরও বলেন, ‘তিনি হোয়াইট হাউসকে এমনভাবে সাজিয়েছেন, যেন সাদ্দাম হোসেন একটি চিজ ফ্যাক্টরি খুলেছেন।‘
ওই সময় হোয়াইট হাউস ঘিরে ট্রাম্পের বিলাসিতা এবং তার শাসনে আমেরিকার জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়েও সমালোচনা করেন ওবামা।
ইরান যুদ্ধ নিয়েও ক্ষোভ প্রকাশ
জনসভায় ইরান যুদ্ধে ট্রাম্পের গৃহীত কৌশলেরও সমালোচনা করেন ওবামা। যুদ্ধে ট্রাম্পের বিজয়ের দাবি নিয়েও উপহাস করেন তিনি।
ওবামা বলেন, ‘’এ যুদ্ধ ইরানকে অর্থনৈতিকভাবে আরও সুবিধা দিয়েছে। কারণ জাহাজ চলাচলে হরমুজ প্রণালিতে হুমকি তেল রপ্তানিকারকদের উদ্বিগ্ন করে তুলেছে।
‘’হরমুজ প্রণালি, যে প্রণালি দিয়ে তেল পৌঁছায়, সেখানে এখন ইরানের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।‘’
ওবামার এসব সমালোচনায় হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। তবে সাবেক প্রেসিডেন্টের বক্তব্যের পর শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে ওবামাকে চরম অযোগ্য প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প।
ইরান প্রসঙ্গে ওই পোস্টে ট্রাম্প বলেন, ‘’ওবামা প্রশাসন ২০১৫ সালে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন চুক্তির মাধ্যমে ইরানকে বিলিয়ন ডলার দিয়ে সন্তুষ্ট করেছেন এবং তাদের পারমাণবিক অস্ত্র তৈরির পথ করে দিয়েছেন।‘’