ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে নির্ধারিত সমঝোতা চুক্তি নিয়ে আবারো নিজের অবস্থান বদলালেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ফ্রান্সে চলমান জি-৭ সম্মেলনে আজ বুধবার তিনি জানান, চলতি সপ্তাহের শুরুতে ইরানের সঙ্গে যে সমঝোতা চুক্তিতে পৌছানোর ঘোষণা দেয়া হয়েছিলো তা চূড়ান্ত নয়।
ট্রাম্প বলেন, ‘এটি একটি সমঝোতা স্মারক। আর যদি এটি আমার পছন্দ না হয়, তাহলে আমরা আবার তাদের ওপর হামলা শুরু করবো, তাদের মাথার ওপর বোমা ফেলবো।’
‘ঠিক আছে? কারণ তারা (ইরান) ৪৭ বছর ধরে খারাপ আচরণ করে আসছে।’ তিনি যুক্ত করেন
বিভিন্ন দেশের মধ্যস্থতায় গত রবিবার যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির ঘোষণা দেয় অ্যামেরিকা ও ইরান। শান্তিচুক্তির প্রথম ধাপে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে ট্রাম্পের।
এর আগে মঙ্গলবার সম্মেলনের দ্বিতীয় দিন ইরানের সঙ্গে সহজেই শান্তিচুক্তি স্থাপন হতে যাচ্ছে বলে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছিলেন ট্রাম্প। তবে তার পরদিনই সুর পাল্টালেন প্রেসিডেন্ট।