রিপাবলিকান নিয়ন্ত্রিত স্টেইটগুলোতে কয়েক দিনের প্রচারণা শেষে ৩ অক্টোবর, শনিবার ব্যাটলগ্রাউন্ড স্টেইট ওহাইওতে গেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ৩ নভেম্বরের নির্বাচনের আগে তার ৩২ দিনের নির্বাচনী প্রচার সফরের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সেনেট, প্রতিনিধি পরিষদ ও গভর্নর নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তিনি।
শনিবার ডেটনের বাইরে এক সমাবেশে অংশ নেন ট্রাম্প। চলতি সপ্তাহে তিনি টেক্সাস, ওকলাহোমা ও আলাবামার মতো রিপাবলিকান-সমর্থিত ডিপ রেড স্টেইটগুলোতে প্রচারণা করেছেন।
ওহাইওর অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সিনেট নির্বাচন। সেখানে রিপাবলিকান সেনেটর জন হাস্টেড, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ছেড়ে যাওয়া আসনে নিয়োগ পাওয়ার পর এবার আসনটি ধরে রাখার জন্য নির্বাচন করছেন। তার প্রতিদ্বন্দ্বী সাবেক তিন মেয়াদের সেনেটর ডেমোক্র্যাট শেরড ব্রাউন। দুই বছর আগে রিপাবলিকান বার্নি মোরেনোর কাছে হেরে যাওয়ার পর আবার সেনেটে ফেরার চেষ্টা করছেন ব্রাউন।
ওহাইওর সিনেট নির্বাচনে ডেটা সেন্টার একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। ল্যুটেন্যান্ট গভর্নর থাকাকালে স্টেইটে ডেটা সেন্টার আনার ক্ষেত্রে হাস্টেডের ভূমিকা নিয়ে ব্রাউন ও তার সমর্থকরা সমালোচনা করছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকল্পে ব্যবহৃত এসব বিশাল স্থাপনার কারণে বিদ্যুতের দাম, কৃষিজমি ও পানির ওপর প্রভাব নিয়ে ভোটারদের উদ্বেগ রয়েছে।
অন্যদিকে ওহাইওর গভর্নর নির্বাচনে রিপাবলিকান বিবেক রামাস্বামী প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্র্যাট অ্যামি অ্যাক্টনের সঙ্গে। ২০২৪ সালের প্রেসিডেন্ট প্রার্থী রামাস্বামী বড় অঙ্কের অর্থ সংগ্রহ করলেও নির্বাচনের কয়েক সপ্তাহ আগে অ্যাক্টনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছেন। তার প্রচারে এখন পর্যন্ত ১২ মিলিয়ন ডলারের বেশি ব্যয় হয়েছে।