হোয়াইট হাউসের ভিতরে সাংবাদিকদের সংবাদ সম্মেলনের জন্য নির্ধারিত কক্ষ অন্যত্র সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে সেখানে ঐতিহাসিক সুইমিং পুল পুনরায় চালুর পরিকল্পনার কথা নাকচ করেছেন তিনি।
হোয়াইট হাউসে সংবাদ সংগ্রহকারীদের ভুয়া হিসেবে উল্লেখ করে শনিবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন ট্রাম্প। ওই পোস্টে তিনি বলেন, ‘ভুয়া সংবাদ প্রকাশকারীদের আরও কম বিরক্তি সৃষ্টিকারী কোনো স্থানে পাঠিয়ে দিতে পারি।‘ একইসঙ্গে তিনি বলেন, ‘'কিন্তু সংবাদ সম্মেলন কক্ষ সরিয়ে সুইমিং পুল পুনরুদ্ধারের মতো ‘ইতর’ পরিকল্পনার কথা কখনও ভাবিনি।''
এর আগে গত মঙ্গলবার দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানানো হয়, গত আগস্টে তৎকালীন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে সংবাদ সম্মেলনের স্থান পরিবর্তনের কথা বলেছিলেন ট্রাম্প। তিনি চেয়েছিলেন, হোয়াইট হাউসের জেমস এস ব্র্যাডি প্রেস ব্রিফিং কক্ষ থেকে সংবাদ সম্মেলন অন্য কোথাও সরিয়ে নেওয়া হোক। তবে এ পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প তার সহযোগীদের বলেছিলেন, ওই স্থানে একটি ইনডোর থেরাপি পুল থাকলে তিনি বেশি খুশি হতেন। সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের প্রশাসনের সময় সেখানে পুলটি স্থাপন করা হয়েছিল। পরে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের প্রশাসন পুলটি সরিয়ে সেখানে সংবাদ সম্মেলনের কক্ষ তৈরি করে।
ট্রাম্প প্রায়ই তার প্রশাসন সম্পর্কে অন্যায্য সংবাদ প্রকাশের অভিযোগ তুলে আমেরিকার গণমাধ্যমগুলোর সমালোচনা করেন।
গত মাসে সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর সাংবাদিকদের সাময়িকভাবে হোয়াইট হাউস প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিলেন ট্রাম্প। অন্য সংবাদমাধ্যমগুলোর ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছিলেন তিনি।
তবে সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করা ব্যক্তিরা এ পদক্ষেপকে আমেরিকার সংবিধানের প্রথম সংশোধনীতে সুরক্ষিত সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী বলে মন্তব্য করেন।
পরে এক ফেডারেল বিচারক নিষেধাজ্ঞাটিকে অসাংবিধানিক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের নির্দেশ দেন। এরপর হোয়াইট হাউস সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রবেশাধিকার ফিরিয়ে দেয়। তবে এ নিয়ে আইনি লড়াই এখনো চালিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।