নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হলে ওহাইওর সঙ্গে কাজ করার ক্ষেত্রে তার প্রশাসন কম আগ্রহী হবে বলে ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শনিবার (৩ অক্টোবর) ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচারের সময় তিনি এ মন্তব্য করেন।
ভ্যান্ডালিয়ার সমাবেশে ট্রাম্প রিপাবলিকান সেনেটর জন হাস্টেড এবং গভর্নর পদপ্রার্থী ভিভেক রামাস্বামীর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, রিপাবলিকানরা জয়ী হলে ওহাইওর সঙ্গে ফেডারেল সরকারের সহযোগিতা আরও সহজ হবে।
ওহাইওর সেনেট নির্বাচন এবারের মধ্যবর্তী নির্বাচনের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রেইস হিসেবে বিবেচিত হচ্ছে। হাস্টেডের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট সাবেক সেনেটর শেরড ব্রাউন। অন্যদিকে গভর্নর পদে রামাস্বামীর প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট অ্যামি অ্যাক্টন।
৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের হাউজ ও সেনেটে ক্ষমতার নিয়ন্ত্রণ নির্ধারিত হবে। রিপাবলিকানরা বর্তমানে উভয় কক্ষেই সংকীর্ণ সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। অন্যদিকে ডেমোক্র্যাটরা গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোতে জয় পেয়ে সেই ভারসাম্য বদলানোর চেষ্টা করছে।
এদিকে, অর্থনৈতিক চাপও নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। ওহাইওতে গত এক বছরে গ্যাসোলিনের দাম ৩৫ শতাংশ বেড়ে গড়ে প্রতি গ্যালন ৪.১৬ ডলারে দাঁড়িয়েছে। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ রিপাবলিকানদের জন্য রাজনৈতিক চাপ তৈরি করছে।
ডেইটা সেন্টার নির্মাণ, জ্বালানি ব্যয় এবং বিভিন্ন কালচার-ওয়ার ইস্যুও ওহাইওর নির্বাচনী প্রচারে গুরুত্ব পাচ্ছে। হাস্টেড-ব্রাউন সেনেট রেসে রাজনৈতিক সংগঠনগুলো ইতোমধ্যে কোটি কোটি ডলার ব্যয় করেছে।
মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ট্রাম্পের ওহাইও সফর রিপাবলিকানদের গুরুত্বপূর্ণ আসন ধরে রাখার প্রচেষ্টার অংশ। কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে ব্যাটলগ্রাউন্ড স্টেইটগুলোর ফল বিশেষ গুরুত্ব বহন করছে।