ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে মঙ্গলবার মধ্যরাতে তিনি যুক্তরাজ্যে পৌঁছান।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ সফরকে ঘিরে ব্রিটেনের রাজপ্রাসাদের দেয়ালে প্রয়াত শিশু যৌন নীপিড়ক ও নারী পাচারকারী জেফরি এপস্টিনের সঙ্গে ট্রাম্পের ছবি, জন্মদিনে লেখা চিঠি প্রদর্শন করেছে বিক্ষোভকারীরা। এ ঘটনায় ৪ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সংবাদমাধ্যমটিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার সকালে প্রাসাদের উইন্ডসর ক্যাসেলের কাছে ট্রাম্প ও এপস্টিনের ছবি সংবলিত একটি ব্যানার টাঙানো হয়। পরে ক্যাসেলের টাওয়ারে প্রজেক্টরের মাধ্যমে ট্রাম্প-এপস্টিনের বেশ কিছু ছবি প্রদর্শন করা হয়।
ব্রিটেন পুলিশের বরাতে রয়টার্স জানায়, প্রাসাদ দুর্গে অনুমতিবিহীন প্রদর্শনী এবং বিদ্বেষমূলক আচরণের অভিযোগে সন্দেহভাজন ৪ জন কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।
উল্লেখ্য, প্রয়াত বিত্তশালী অর্থব্যবস্থাপক জেফার এপস্টিন শিশু ও নারী যৌন কেলেঙ্কারির অভিযোগে ২০১৯ সালে কারাভোগের সময় আত্মহত্যা করেন। এ বছর ৮ সেপ্টেম্বর এপস্টিনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের লেখা ২০ বছর আগের একটি চিঠি প্রকাশ করেন ডেমোক্রেট দলের কর্মীরা। এর পরই এপস্টিনের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব, পুরনো ছবি নিয়ে সমালোচনা শুরু হয়। যদিও ডেমোক্রেটদের প্রকাশিত চিঠিটি বানোয়াট বলে অভিযোগ করেছে ট্রাম্প প্রশাসন। বিগত ১৫ বছরে এপস্টিনের সঙ্গে যোগাযোগ নেই বলেও জানান ট্রাম্প।