ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত দক্ষিণ অ্যামেরিকার দেশ ভেনেজুয়েলার আকাশসীমা পুরোপুরি বন্ধ করতে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ট্রাম্প শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালের এক পোস্টে বলেন, সব এয়ারলাইন্স, পাইলট, মাদক কারবারি ও মানবপাচারকারীদের উদ্দেশে বলছি, ভেনেজুয়েলার ওপর ও তার আশেপাশের আকাশসীমা পুরোপুরি বন্ধে ব্যবহার এড়িয়ে চলুন।’
এনডিটিভি নিউজ জানায়, ট্রাম্পের এ পোস্টের আগে গত সপ্তাহে অ্যামেরিকান বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতি দেয়। সেখানে বলা হয়, ভেনেজুয়েলার চারপাশের নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। তাই বেসামরিক বিমান চলাচলকারী ফ্লাইটগুলোর সতর্ক অবস্থানে থাকা প্রয়োজন।
ওই বিবৃতির পর দক্ষিণ অ্যামেরিকার ছয়টি এয়ারলাইন্স ভেনেজুয়েলায় ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়।
এছাড়াও দীর্ঘদিন ধরে ক্যারিবীয় সাগরে সেনা মোতায়েন করে ভেনেজুয়েলার জাহাজে বেশ কয়েকটি হামলা চালায় ট্রাম্প প্রশাসন।
ট্রাম্প প্রশাসনের দাবি, হামলা চালানো জাহাজগুলো অবৈধ মাদক কারবারির উদ্দেশে যাত্রা করেছিল। এ অভিযোগে সেপ্টেম্বর মাস থেকে এখন পর্যন্ত অ্যামেরিকান সেনাদের গুলিতে নিহত হয়েছে অন্তত ৮০জন ভেনেজুয়েলার নাগরিক।
তবে এখন পর্যন্ত সেগুলো মাদক কারবারির জাহাজ ছিল, এমন তথ্য প্রমাণ উপস্থাপন করেনি ট্রাম্প প্রশাসন।
সর্বশেষ ট্রাম্পের আকাশসীমা বন্ধের আহ্বান অ্যামেরিকার সাথে ভেনেজুয়েলার দ্বন্দ আরও উত্তেজিত করে তুলেছে।