মিশিগানের ডেমোক্র্যাটিক সেনেটর প্রার্থী আবদুল এল-সায়েদ ইহুদি, কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গসহ প্রায় সব সম্প্রদায়ের মানুষকেই ঘৃণা করেন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সিবিএস নিউজ জানায়, মঙ্গলবার স্টেটটিতে ভোটগ্রহণ শুরুর আগ মুহূর্তে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘আবদুল এল-সায়েদ ইহুদিদের ঘৃণা করেন, কৃষ্ণাঙ্গদের ঘৃণা করেন। মন খারাপ করবেন না, তিনি শ্বেতাঙ্গদেরও ঘৃণা করেন।’
একইসঙ্গে এল-সায়েদকে ভোট দেওয়া ব্যক্তিদের ‘বোকা’ বলেও মন্তব্য করেন ট্রাম্প। তার দাবি, এল-সায়েদ নির্বাচিত হলে ভোটারদের সর্বনাশ করবেন।
প্রাথমিক নির্বাচন থেকে শুরু করে পুরো নির্বাচনী প্রচারণায় এল সায়েদের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন ট্রাম্প। প্রচারণাকালে রিপাবলিকান পার্টি মুসলিম ও অভিবাসী এ প্রার্থীকে ধর্মীয় বিশ্বাস ও জাতিগত পরিচয়ের কারণে উগ্রপন্থী হিসেবে মন্তব্য করে।
মিশিগান থেকে সেনেট নির্বাচনে এল-সায়েদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স। এল সায়েদ বিজয়ী হলে তিনি হবেন সেনেটের প্রথম মুসলিম সদস্য।
পাশাপাশি, এ নির্বাচনের পর সেনেটের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা নির্ধারণে এই আসনের ফলাফল গুরুত্বপূর্ণ।
স্টেটটিতে আজ সকাল ৭টায় কেন্দ্রগুলো খোলার পর ভোটগ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত। স্থানীয় নির্বাচন কর্মকর্তারা জানান, ভোট গণনার পর বুধবার ভোরে ফলাফল জানা যাবে।