টেক্সাসের ফোর্ট হুডে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা বাতিল করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে বৃহস্পতিবার ট্রাম্প জানান, ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের মতো পরিকল্পনায় তিনি সম্মতি দেননি। তবে নির্ধারিত সময় অনুযায়ী ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
ট্রাম্প তার পোস্টে বলেন, হাসানের মতো সন্ত্রাসী ও নিকৃষ্ট ব্যক্তিদের সঙ্গে আমেরিকা কীভাবে আচরণ করে, তা বিশ্ববাসীকে দেখানোর জন্য মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করা হলে তা অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারত। তবে অনেক মানুষ সরাসরি সম্প্রচার বা অন্য কোনো মাধ্যমে তার মৃত্যুর দৃশ্য দেখতে চান না।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, চলতি মাসের শুরুর দিকে হেগসেথ ঘোষণা দিয়েছিলেন, আগামী ৩ ডিসেম্বর টেক্সাসের ফোর্ট হুডে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ২০০৯ সালে এই সামরিক ঘাঁটিতেই গুলি চালিয়ে ১৩ জনকে হত্যা এবং ৩২ জনকে আহত করেছিলেন হাসান। ওই সময় মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা সরাসরি সম্প্রচার করা হবে বলে জানান হেগসেথ।
পরে পেন্টাগনের এই পরিকল্পনা নিয়ে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির কয়েকজন নেতাও সংশয় প্রকাশ করেন। তাদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ছিলেন। ধর্মীয় নেতারাও এ পরিকল্পনার বিরোধিতা করেন। সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, আমেরিকান নাগরিক মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের বিরোধী।
তবে মৃত্যুদণ্ড কার্যকর প্রচলিত আমেরিকান নিয়ম অনুযায়ী, হাসানের হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা চাইলে সরাসরি উপস্থিত থেকে তা দেখতে পারবেন। ইউএস মিলিটারির সাবেক মনোরোগ বিশেষজ্ঞ নিদাল মালিক হাসানকে ২০০৯ সালে ফোর্ট হুডে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যার দায়ে সামরিক আদালতে দোষী সাব্যস্ত করা হয়েছিল।