এপস্টিনের সঙ্গে বিল ক্লিনটনের সখ্য তদন্তের আহ্বান ট্রাম্পের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৪ ২০২৫, ২২:৫৩ হালনাগাদ: ফেব্রুয়ারি ২৮ ২০২৬, ৬:৩১

সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিন। ছবি: রয়টার্স

সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিন। ছবি: রয়টার্স

  • 0

প্রেসিডেন্টের এ পোস্টের পর বিচার বিভাগ নিশ্চিত করেছে যে, তারা ডেমোক্র্যাটিক পার্টি সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এপস্টিনের সখ্য খতিয়ে দেখবে।

কুখ্যাত শিশু যৌন নিপীড়ক ও নারী পাচারকারী জেফরি এপস্টিনের সঙ্গে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সখ্যের অভিযোগ নতুন নয়। এ অভিযোগে বিভিন্ন সময় জনসমক্ষে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে ট্রাম্পকে।

চলতি সপ্তাহেও ডেমোক্র্যাটিক পার্টির আইনপ্রণেতারা এপস্টিন সম্পর্কিত দুই হাজার নথি প্রকাশ করেন, যেখানে তার অপকর্মে ট্রাম্পের জড়িত থাকার আরও কিছু অভিযোগ পাওয়া যায়।

এমন বাস্তবতায় সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনসহ কয়েকজন ডেমোক্র্যাটিক পার্টির নেতার সঙ্গে এপস্টিনের সখ্য ছিল বলে দাবি করেছেন ট্রাম্প।

বিবিসি নিউজ জানায়, এপস্টিনের সঙ্গে ক্লিনটনের সখ্যের পেছনের কর্মকাণ্ড খতিয়ে দেখতে বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে শুক্রবার ট্রাম্প বলেন, ‘এপস্টিন ছিলেন একজন ডেমোক্র্যাট এবং তিনি ডেমোক্র্যাটদের সমস্যা, রিপাবলিকানদের নয়।

‘তাদের সবার এপস্টিনের সঙ্গে জানাশোনা আছে। এ বিষয়ে ট্রাম্পের পেছনে ঘুরে সময় নষ্ট করবেন না। আমাকে দেশ চালাতে হয়।’

এরপর তিনি পোস্টে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই ও বিচার বিভাগকে এপস্টিনের সঙ্গে সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবেক ট্রেজারি সেক্রেটারি ল্যারি সামার্স, ডেমোক্র্যাটিক পার্টির সাবেক দাতা ও ব্যাংকার জে পি মরগ্যান, রিড হফম্যানের সম্পর্ক ও কর্মকাণ্ড খতিয়ে দেখতে অনুরোধ জানান।

প্রেসিডেন্টের এ পোস্টের পর বিচার বিভাগ নিশ্চিত করেছে যে, তারা ডেমোক্র্যাটিক পার্টি সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এপস্টিনের সখ্য খতিয়ে দেখবে।

বন্ডি তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জানিয়েছেন, তিনি এরই মধ্যে তদন্তের নেতৃত্ব দিতে অ্যাটর্নি জে ক্লেটনের সঙ্গে কথা বলেছেন।

এদিকে এপস্টিনের অপকর্ম সম্পর্কে অবগত নন বলে দাবি করেছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

জেপি মরগ্যানের এক মুখপাত্র জানিয়েছেন, এপস্টিনের সঙ্গে তাদের কোনো প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড ঘটে থাকলে, তা নিয়ে কর্তৃপক্ষ লজ্জিত। এপস্টিনের অপকর্মে তারা কখনও সহায়তা করেনি।