সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে ভ্রমণ তথা বার্থ ট্যুরিজম ঠেকাতে নতুন ভিসা বিধিনিষেধ ঘোষণা করেছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন।
স্টেট সেক্রেটারি মার্কো রুবিও গত বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, যারা অ্যামেরিকায় বার্থ ট্যুরিজমে জড়িত, এতে সহায়তা করেন বা এ থেকে আর্থিকভাবে লাভবান হন—তাদের ভিসা দেওয়া বা বহাল রাখার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হতে পারে।
অ্যামেরিকার আইন অনুযায়ী, দেশটিতে জন্ম নেওয়া সব শিশুই এখানকার নাগরিক। প্রতি বছর অনেক বিদেশি নাগরিক বার্থ ট্যুরিজম ভিসায় অ্যামেরিকায় আসেন শুধু অনাগত সন্তানের এখানে নাগরিকত্ব নিশ্চিত করার জন্য।
দীর্ঘদিন ধরেই বার্থ ট্যুরিজম বন্ধের উদ্যোগ নিয়ে আসছে ট্রাম্প প্রশাসন। ক্ষমতায় ফেরার পর প্রেসিডেন্ট ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার লক্ষ্যে একটি নির্বাহী আদেশ জারি করেন।
তবে ওই আদেশের বিরুদ্ধে আদালতে আইনি চ্যালেঞ্জ তৈরি হয় এবং সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর প্রশাসন বিকল্প উপায়ে বার্থ ট্যুরিজম নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়।
মার্কো রুবিওর নতুন ঘোষণা সেই প্রচেষ্টারই অংশ বলে জানিয়েছে ইউএস স্টেট ডিপার্টমেন্ট।
অ্যামেরিকায় বার্থ ট্যুরিজম নিয়ে এর আগে থেকেই বিভিন্ন বিধিনিষেধ রয়েছে। বিশেষ করে চীনসহ কয়েকটি দেশের নাগরিকদের মাধ্যমে পরিচালিত বার্থ ট্যুরিজম নেটওয়ার্ক নিয়ে অ্যামেরিকার রাজনীতিতে উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা।