অভিবাসী শিশুদের স্বেচ্ছায় দেশ ছাড়ার জন্য অর্থ দিচ্ছে ট্রাম্প প্রশাসন

টিবিএন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪ ২০২৫, ৯:০৩

ইতোমধ্যে অভিবাসী শেল্টারগুলোতে এই প্রস্তাবনা পাঠানো হয়েছে। ছবি: রয়টার্স
- 0
শুক্রবার পর্যন্ত যারা ইতোমধ্যেই স্বেচ্ছায় অ্যামেরিকা ছাড়ার জন্য সম্মতি দিয়েছে, তারা এই সহায়তায় অন্তর্ভুক্ত হবেন।
অভিভাবকবিহীন অভিবাসী শিশুদের স্বেচ্ছায় অ্যামেরিকা ছাড়ার জন্য ৩,৮০০ ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। ইতোমধ্যে অভিবাসী শেল্টারগুলোতে এই প্রস্তাবনা পাঠানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে অর্থের প্রস্তাব দেওয়া হচ্ছে, তবে কোনো নির্দিষ্ট পরিমাণ তারা উল্লেখ করেননি।
চিঠিটি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির অফিস অফ রিফিউজি রিসেটেলমেন্ট শুক্রবার শেল্টারগুলোতে চিঠি পাঠিয়েছে।
রয়টার্স জানায়, চিঠিতে বলা হয়েছে, হোমল্যান্ড সিকিউরিটির অফিস অফ রিফিউজি রিসেটেলমেন্ট ১৪ বছর বা তার বেশি বয়সের অভিভাবকবিহীন শিশুদের এককালীন ৩,৮০০ ডলারের পুনর্বাসন সহায়তা প্রদান করবে।
একজন আইস কর্মকর্তা জানিয়েছেন, প্রথমে এই প্রস্তাব ১৭ বছর বয়সী শিশুদের জন্য দেওয়া হচ্ছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, মেক্সিকোর অভিবাসী নাবালকরা এই প্রোগ্রামের জন্য যোগ্য বিবেচিত হবে না। তবে শুক্রবার পর্যন্ত যারা ইতোমধ্যেই স্বেচ্ছায় অ্যামেরিকা ছাড়ার জন্য সম্মতি দিয়েছে, তারা এই সহায়তায় অন্তর্ভুক্ত হবেন। ট্রাম্প প্রশাসনের অধীনে হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) কর্তৃক স্বেচ্ছায় দেশত্যাগ প্রক্রিয়া উৎসাহিত করার জন্য আরেকটি অর্থনৈতিক প্রস্তাব হচ্ছে এই পদক্ষেপ।
এর আগে জুন মাসে, স্টেট ডিপার্টমেন্ট ডিএইচএস -কে স্বেচ্ছায় দেশত্যাগের জন্য ২৫০ মিলিয়ন ডলার হস্তান্তর করে। প্রশাসন স্বেচ্ছায় দেশে ফিরে যাওয়া অভিবাসীদের ১,০০০ ডলার অনুদান দেয়ার প্রস্তাব দিয়েছিল।
ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস (এইচএইচএস) এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত ২,১০০-এর বেশি অভিভাবকবিহীন শিশু সংস্থাটির তত্ত্বাবধানে ছিল।
এইচএইচএসের কমিউনিকেশন ডিরেক্টর অ্যান্ড্রু নিক্সন জানান, ইমিগ্রেশন বিচারকের অনুমোদনের পরে এবং শিশু তাদের নিজ দেশে পৌঁছানোর পর এই অর্থ দেওয়া হবে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে ছয় লাখের বেশি অভিভাবকবিহীন শিশু অ্যামেরিকা-মেক্সিকো সীমান্ত পার হয়েছে।
অভিভাবকবিহীন শিশুদের আইনি সেবা ও সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান, কিডস ইন নিড অফ ডিফেন্সের প্রেসিডেন্ট ওয়েন্ডি ইয়ং ট্রাম্প প্রশাসনের এই প্রস্তাবকে ‘নির্মম কৌশল’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘অ্যামেরিকায় নিরাপত্তা খুঁজতে আসা অভিভাবকবিহীন শিশুদের আমাদের সুরক্ষা দেওয়া উচিত, তাদের এমন অবস্থায় ফিরতে প্ররোচিত করা উচিত নয় যেখানে তাদের জীবন ও নিরাপত্তা ঝুঁকিতে ছিল।’
