নিউ ইয়র্কের ৮ অভিবাসন বিচারককে চাকরিচ্যুত করল ট্রাম্প প্রশাসন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২ ২০২৫, ১১:৫৯ হালনাগাদ: ডিসেম্বর ৬ ২০২৫, ৫:২২

নিউ ইয়র্ক সিটিতে অভিবাসন বিচারকদের শুনানি পরিচালনার আই নির্মিত চিত্র। ছবি: গ্রোক

নিউ ইয়র্ক সিটিতে অভিবাসন বিচারকদের শুনানি পরিচালনার আই নির্মিত চিত্র। ছবি: গ্রোক

  • 0

নিউজউইক জানায়, চাকরিচ্যুত হওয়া বিচারকদের প্রত্যেকে লোয়ার ম্যানহাটনের ২৬ ফেডারেল প্লাজায় কর্মরত ছিলেন। চাকরিচ্যুতদের মধ্যে আমিয়েনা এ খান চীফ ইমিগ্রেশন বিচারক হিসেবে কর্মরত ছিলেন।

নিউ ইয়র্ক সিটির ৮জন অভিবাসন বিচারককে সোমবার একসঙ্গে চাকরিচ্যুত করেছে ট্রাম্প প্রশাসন।

নিউজউইক জানায়, চাকরিচ্যুত হওয়া বিচারকদের প্রত্যেকে লোয়ার ম্যানহাটনের ২৬ ফেডারেল প্লাজায় কর্মরত ছিলেন। চাকরিচ্যুতদের মধ্যে আমিয়েনা এ খান চীফ ইমিগ্রেশন বিচারক হিসেবে কর্মরত ছিলেন।

ইউনিয়ন অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্টের স্বাক্ষরিত একটি নথিতে বলা হয়, দেশব্যাপী ইমিগ্রেশন বেঞ্চের সংস্কারের অংশ হিসেবে তাদের চাকরিচ্যুত করা হয়েছে।

ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইমিগ্রেশন জাজেস চাকরিচ্যুত করার এ তথ্য নিশ্চিত করেছে।

তবে বিচারকদের কেন বরখাস্ত করা হলো এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অসম্মতি জানায় এক্সিকিউটিভ অফিস ফর ইমিগ্রেশন রিভিউ-ইওআইআর।

ট্রাম্প প্রশাসন কর্তৃক অভিবাসন বিচারকদের বরখাস্ত করার এ ঘটনা নতুন নয়। চলতি বছরে এখন পর্যন্ত প্রায় ১০০জন অভিবাসন বিচারককে চাকরিচ্যুত করা হয়েছে। এর পরিবর্তে নতুন নিয়োগ দেওয়া হয়েছে মাত্র ৩৬ জন বিচারককে।

এর ফলে অভিবাসন সংক্রান্ত মামলাগুলো আরও ধীরগতিতে সম্পন্ন হবে উদ্বেগ প্রকাশ করেন আইনজীবীরা।

বিশেষত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে অভিবাসী বিতাড়নে বিস্তর উদ্যোগ নিয়েছেন। এমন সময় অভিবাসন সংক্রান্ত মামলায় বিচারক সংকট আইনি জটিলতা বৃদ্ধি করবে বলেও উল্লেখ করেন তারা।

ইউনিয়ন কর্তৃপক্ষ ও সাবেক বিচারকরা জানান, প্রতিনিয়ত অভিবাসন বিচারকদের চাকরিচ্যুত করার ফলে ইতোমধ্যে অনেকগুলো মামলার শুনানি ২০২৮ সালে গড়িয়েছে।

অভিবাসন আইনজীবী ও কর্নেল ল স্কুলের শিক্ষক স্টিফেন ইয়েল লেয়ার বলেন, ‘ট্রাম্পের বৃহৎ পরিসরে অভিবাসন বিতাড়ন কর্মসূচীর ফলে ইতোমধ্যে ৪০ লাখ মামলা ঝুলে আছে, কিন্তু মামলার শুনানি ছাড়া আপনি কাউকে বিতাড়িত করতে পারেন না।’

সর্বশেষ ২৬ ফেডারেল প্লাজায় বেঞ্চের শুনানির জন্য বিচারক ছিলেন ৩০জন। একসঙ্গে আটজন বিচারককে চাকরিচ্যুত করার ঘটনায় অভিবাসন মামলার জন্য ব্যস্ততম এ কোর্টটি তীব্রভাবে বিচারক সংকটে পড়েছে।