নিউ ইয়র্কের জুরি বোর্ডে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি ফৌজদারি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার আড়াই বছর পর মামলা খারিজের আবেদন নিয়ে আদালতে হাজির হচ্ছেন প্রেসিডেন্টের আইনজীবিরা।
সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, আজ বৃহস্পতিবার ম্যানহাটনের আদালতে মামলা খারিজের শুনানি হওয়ার কথা রয়েছে।
ট্রাম্পের আইনজীবীদের দাবি, মামলাটি গুরুতরভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এর বিচারপ্রক্রিয়ায় আইনের অপব্যবহার হয়েছে।
এর আগে ২০২৪ সালের মে মাসে নিউ ইয়র্কের একটি জুরি বোর্ড ট্রাম্পকে গোপন নথি জালিয়াতির ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত করে। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্নো অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলসকে দেওয়া ১৩০ হাজার ডলারের অর্থ পরিশোধের তথ্য গোপন করতে নথি জালিয়াতির অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে।
ট্রাম্পের আইনজীবীদের দাবি, তৎকালীন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রাজনৈতিক উদ্দেশ্যে মামলাটি করেছিলেন। বিচারকেরও মামলা থেকে সরে দাড়ানো উচিত ছিল। পাশাপাশি, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়মুক্তির বিষয়টিও যথাযথভাবে বিবেচনা করা হয়নি।
তবে ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগগুলো তার ব্যক্তিগত কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সঙ্গে নয়। পাশাপাশি তার অপরাধ প্রমাণের জন্য দায়মুক্তির আওতাবহির্ভূত যথেষ্ট প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছিল।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর অভিষেকের কয়েক দিন আগে ট্রাম্পকে নিঃশর্ত অব্যাহতি দেওয়া হয়। এতে তার বিরুদ্ধে দোষী সাব্যস্ত হওয়ার রায় বহাল থাকলেও কারাদণ্ড বা জরিমানা করা হয়নি।