সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করায় সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোমাধ্যম অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে একটি ব্যাঙ্গত্মক ভিডিও প্রকাশ করেন।
ভিডিওর শুরুতে ২০২০ সালের নির্বাচনে পুনরায় ভোট চুরির অভিযোগ তুলে পুনরায় ব্যালট গণনাকারী প্রতিষ্ঠান ডমিনিয়ন ভোটিং সিস্টেমকে দায়ী করেন ট্রাম্প।
দেড় মিনিটের ভিডিওর শেষদিকে দেখা যায়, ওবামা দম্পতি বানরের পোশাক পরিহিত অবস্থায় নানা অঙ্গভঙ্গি করছেন। সেই সঙ্গে চলছে ‘দ্য লাইয়ন স্লিপস টুনাইট’ গানের সুর।
ভিডিওটি প্রকাশের পরপর নেটিজেনদের মধ্যে শুরু হয় সমালোচনার ঝড়।
ক্যালিফোর্নিয়া গভর্নর গ্যাভিন নিউসম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক বার্তায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘প্রেসিডেন্টের জঘন্য আচরণ। প্রত্যেক রিপাবলিকানের উচিৎ এর নিন্দা জানানো।’
বারাক ওবামার ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক জাতীয় নিরাপত্তা বিষয়ক পরামর্শক বেন রোডেস মন্তব্য করেন, বিশ্ব ইতিহাসে ট্রাম্প হবেন ঘৃণ্য চরিত্র। আর তার সমর্থকরাও পরিচিত হবেন বর্ণবাদী হিসেবে।
আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স তথা এআই ব্যবহার করে ট্রাম্পের বিশ্বনেতাদের ব্যাঙ্গাত্মক ভিডিও তৈরি করার ঘটনা নতুন নয়।
পূর্বে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস, যিনি একজন কৃষ্ণাঙ্গ নেতা, তাকে নিয়ে ভিডিও পোস্ট করেন ট্রাম্প।
ওই ভিডিওতে নকল গোঁফ ও লম্বা কানওয়ালা টুপি পরিহিত অবস্থায় দেখা গিয়েছিল জেফ্রিসকে।