প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের কাছ থেকে আরো কম্পিউটিং সক্ষমতা ভাড়া নিতে আগ্রহ প্রকাশ করেছে গুগল। শনিবার (২৮ নভেম্বর) সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তবে সম্ভাব্য নতুন চুক্তির পরিমাণ, আর্থিক মূল্য বা সময়সীমা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
মাস্কের এ বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত সম্প্রসারণের কারণে বিশ্বজুড়ে উন্নত কম্পিউটিং অবকাঠামোর চাহিদা বাড়ছে। এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনার জন্য প্রয়োজনীয় শক্তিশালী প্রসেসর, ডেটা সেন্টার এবং ক্লাউড কম্পিউটিং সক্ষমতা নিশ্চিত করতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বিপুল অর্থ বিনিয়োগ করছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্পেসএক্স ও গুগলের মধ্যে ইতোমধ্যে বহুবছর মেয়াদি ক্লাউড সেবা চুক্তি রয়েছে। প্রতিষ্ঠানটির প্রাথমিক শেয়ারবাজারে তালিকাভুক্তির আগে স্বাক্ষরিত এ চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত প্রতি মাসে স্পেসএক্সকে ৯২০ মিলিয়ন ডলার পরিশোধ করবে গুগল।
চুক্তির আওতায় গুগল প্রায় ১ লাখ ১০ হাজার এনভিডিয়া গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ), সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ), মেমোরি এবং সংশ্লিষ্ট অন্যান্য কম্পিউটিং উপকরণ ব্যবহারের সুযোগ পাবে। এসব সক্ষমতা এআই-সংক্রান্ত বিভিন্ন কাজ পরিচালনায় ব্যবহার করা হবে।
মাস্কের নতুন বক্তব্যের বিষয়ে রয়টার্স স্পেসএক্স ও গুগলের কাছে মন্তব্য জানতে চাইলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পায়নি। তবে গুগলের সঙ্গে বিদ্যমান চুক্তির বাইরে অতিরিক্ত কম্পিউটিং সক্ষমতা ভাড়া নেওয়ার আগ্রহ প্রকাশের বিষয়টি দুই প্রতিষ্ঠানের অংশীদারত্ব আরও সম্প্রসারণের সম্ভাবনা তৈরি করেছে।
শুধু গুগল নয়, এআই খাতের আরেক প্রতিষ্ঠান অ্যানথ্রপিকও স্পেসএক্সের কম্পিউটিং অবকাঠামো ব্যবহারের চুক্তি করেছে। চলতি বছরের মে মাসে অ্যানথ্রপিক এ চুক্তির কথা জানায়। জুনে নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া এক নথিতে স্পেসএক্স জানিয়েছে, গুগল ও অ্যানথ্রপিকের সঙ্গে তাদের কম্পিউটিং সক্ষমতা সরবরাহসংক্রান্ত চুক্তির সম্মিলিত আর্থিক মূল্য ৭০ বিলিয়ন ডলারের বেশি।
এদিকে বিদ্যমান মেমফিস এলাকার কম্পিউটিং অবকাঠামোর বাইরে সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে স্পেসএক্স। চলতি মাসে প্রতিষ্ঠানটি টেক্সাসের রিও গ্র্যান্ডে ভ্যালির স্টারবেসে একটি সুপারকম্পিউটার স্থাপনা এবং অ্যারিযোনার কোচিস কাউন্টিতে আরেকটি ক্যাম্পাস নির্মাণে ৭৪ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে।
জেনারেটিভ এআই প্রযুক্তির প্রসারের ফলে উন্নত চিপ ও উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং অবকাঠামোর চাহিদা দ্রুত বাড়ছে। এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের তৈরি উন্নত প্রসেসর ব্যবহার করে ডেটা সেন্টার গড়ে তুলতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ বাড়াচ্ছে। এ পরিস্থিতিতে ক্লাউড কম্পিউটিং সক্ষমতা সরবরাহ স্পেসএক্সের ব্যবসার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে।
গুগলের সম্ভাব্য নতুন চুক্তি বাস্তবায়িত হলে এআই খাতে কম্পিউটিং অবকাঠামো সরবরাহকারী হিসেবে স্পেসএক্সের কার্যক্রম আরও বিস্তৃত হতে পারে।
তথ্যসূত্র: রয়টার্স।