আইডাহোর ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের কাছে একটি পিকআপ ট্রাকের সঙ্গে ট্যুর ভ্যানের সংঘর্ষে সাতজন নিহত হয়েছে বলে জানিয়েছে স্টেইট পুলিশ।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, আইডাহোর পূর্বাঞ্চলে হেনরি’স লেক স্টেইট পার্কের কাছে হাইওয়েতে বৃহস্পতিবার সোয়া সাতটার ঠিক আগ মুহূর্তে এ দুর্ঘটনা ঘটে। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক থেকে ২৬ কিলোমিটারের মতো দূরে অবস্থিত হেনরি’স লেক স্টেইট পার্ক।
আইডাহো স্টেইট পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দুর্ঘটনার পর দুটি গাড়িতেই আগুন ধরে যাায়। এতে ডজ র্যাম পিকআপের চালক এবং মার্সিডিয প্যাসেঞ্জার ভ্যানে থাকা ছয়জন নিহত হন। ওই ভ্যানে ১৪ জনের একটি ট্যুর গ্রুপ ছিল।
ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা জানায়নি কর্তৃপক্ষ। এ বিষয়ে তদন্ত চলছে।
ফ্রেমন্ট কাউন্টি করোনার’স অফিস শুক্রবার সকাল নাগাদ নিহত ব্যক্তিদের নাম প্রকাশ করেনি।
দুর্ঘটনায় কতজন আহত হয়েছেন, তা জানায়নি আইডাহো স্টেইট পুলিশ।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে যায় জরুরি সেবার প্যারামেডিকস ও এয়ার অ্যাম্বুলেন্স।