অপরাধ মোকাবিলা প্রচেষ্টার অংশ হিসেবে রাজধানী শহর ওয়াশিংটন ডিসির পুলিশকে ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি প্রায় ৮০০ ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের সিদ্ধান্তের কথা সোমবার জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
এনবিসি নিউজ জানায়, ট্রাম্পের এ সিদ্ধান্ত নগর কর্তৃপক্ষের ওপর ট্রাম্পের আক্রমণের উল্লেখযোগ্য বৃদ্ধি।
ট্রাম্প রবিবার দাবি করেন, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শহরগুলোর একটি। যদিও জাস্টিস ডিপার্টমেন্ট বলছে, গত বছর ডিসিতে অপরাধের হার ছিল ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন।
প্রেসিডেন্ট বলেছেন, ডিসির জন্য জননিরাপত্তা জরুরি অবস্থা ঘোষণা করবেন তিনি। অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের দায়িত্ব নেবেন।
‘আপনি সড়কে হাঁটলে পুলিশ অথবা এফবিআই এজেন্ট পাবেন’, মঙ্গলবার সকালে সাংবাদিকদের বলেন ট্রাম্প।
‘আমরা সড়কে অনেক এজেন্ট পেতে যাচ্ছি। আপনারা মূলত অনেক সেনা পেতে যাচ্ছেন। আমরা প্রয়োজনে সেনা নিয়ে আসব’, যোগ করেন তিনি।
এর আগে এনবিসি নিউজ জানায়, ডিসিতে ন্যাশনাল গার্ড নামানোর বিষয়টি বিবেচনা করছেন ট্রাম্প।
প্রেসিডেন্ট ঘোষণা দেন, তিনি প্রায় ৮০০ ন্যাশনাল গার্ড সদস্যকে মোতায়েন করবেন, তবে প্রয়োজন হলে এ সংখ্যা এর চেয়ে অনেক বেশি হবে।
অন্যদিকে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির ঘোষণা, ডিসিতে অপরাধের ইতি ঘটবে।
তিনি বলেন, ‘আমাকে স্ফটিকের মতো স্বচ্ছ হতে দিন: ডিসিতে অপরাধ শেষ হচ্ছে এবং শেষ হচ্ছে আজই।’
ডিসির হোম রুল অ্যাক্ট অনুযায়ী, পুলিশের ওপর নিয়ন্ত্রণের বিষয়ে কংগ্রেসের সুনির্দিষ্ট কিছু সদস্যকে ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে বাধ্য ট্রাম্প।
এ বিষয়ে প্রেসিডেন্ট বলেন, তিনি কংগ্রেস ও মেয়রের অফিসে ‘যথোপযুক্ত’ বার্তা দেবেন।
হোম রুল অ্যাক্ট অনুযায়ী, ট্রাম্প সর্বোচ্চ ৩০ দিনের জন্য ডিসি পুলিশের নিয়ন্ত্রণ নিতে পারবেন। এর বাইরে নিয়ন্ত্রণ চাইলে কংগ্রেসের অনুমোদন লাগবে তার।