প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং ব্যবসায়িক আস্থা বাড়ানোর আশা করছে টোকিও। বিশেষ করে বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও ব্যবসাবান্ধব নীতি বাস্তবায়নে সহযোগিতা এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে জাপান।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ২০ অক্টোবর দুই দেশের সরকার আনুষ্ঠানিকভাবে এ সফরের ঘোষণা দেয়।
সফরের দ্বিতীয় দিন, ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান। এ উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন জাপানের প্রধানমন্ত্রী। পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এ তথ্য জানিয়েছেন।
ঢাকায় জাপান দূতাবাসের অর্থনৈতিক বিভাগ জানিয়েছে, তারেক রহমানের প্রথম জাপান সফরের মধ্য দিয়ে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও অভিন্ন সমৃদ্ধি অর্জনে সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
জাপানের মতে, বাংলাদেশের নতুন সরকারের ব্যবসাবান্ধব নীতির কারণে বিনিয়োগকারীদের মনোভাবের উন্নতি হচ্ছে। এ সফরে বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, অবকাঠামো খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং মানবসম্পদ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে।
সফরকালে প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন এবং জাপানি ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ ও শিল্প সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। এ ছাড়া জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ, জাইকা, জেট্রো ও জেবিআইসির শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে।
সফরে নতুন জাপানি বিনিয়োগ আকর্ষণ, চলমান উন্নয়ন প্রকল্পের কাজ ত্বরান্বিত করা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সই হওয়া বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারক সই বা সহযোগিতার ঘোষণা আসতে পারে।
দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি রোহিঙ্গা সংকটের সমাধান, আঞ্চলিক স্থিতিশীলতা ও জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতা নিয়েও আলোচনা হতে পারে।