অধিকৃত ওয়েস্ট ব্যাংকের নাবলুসে একটি মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। পাশাপাশি মসজিদের দেয়ালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিকর গ্রাফিতি এঁকে পালিয়ে যান হামলাকারীরা।
নাবলুসের টেল এলাকার আবু বকর সিদ্দিক মসজিদে সোমবার রাতে এ হামলার ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়,রাতের অন্ধকারে মুখ ঢেকে ওই মসজিদের দিকে এগোচ্ছেন দুই ব্যক্তি। পরে আগুন ধরিয়ে দিয়েই দৌড়ে পালিয়ে যান তারা।
সোমবার ভোরে ফজরের নামাজের জন্য মুসল্লিরা যখন মসজিদে আসেন, তখন তারা প্রবেশপথে আগুনের লেলিহান শিখা দেখতে পান। তখন মসজিদের দেয়ালে দৃশ্যমাণ ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিকর স্লোগান ও প্রতিহিংসামূলক গ্রাফিতি।
তবে আগুন মসজিদের ভেতরে ছড়াতে পারেনি। মুসল্লিদের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় পবিত্র এই স্থাপনাটি।
প্যালেস্টিনিয়ান ধর্ম মন্ত্রণালয় এই ঘটনাকে ‘জাতীয়তাবাদী হামলা’ হিসেবে বর্ণনা করেছে।
প্যালেস্টাইন কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালেই ৪৫টি মসজিদে এমন হামলা চালানো হয়েছে।
কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, এই ধরনের সহিংসতা মুসলিমদের ধর্মীয় অনুভূতির ওপর অব্যাহত আঘাতের শামিল।
ধর্মীয় স্থাপনায় অগ্নিসংযোগ, ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া এবং আজানের ওপর নিষেধাজ্ঞা আরোপের মতো কাজগুলো ধর্মীয় ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও উল্লেখ করে পি.এ।
অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী এই ঘটনার নিন্দা জানিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে। ইযরায়েলি নিরাপত্তা বাহিনী মোতায়েন করার কথা জানিয়েছে দখলদার বাহিনী।
যদিও অতীতে বসতিস্থাপনকারীদের এমন তাণ্ডবের কোনো তদন্ত বা বিচার হয়নি।