ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সঙ্গে মুখোমুখি বৈঠক হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
শ্রমিক ইউনিয়ন ও বাজার প্রতিনিধিদের সঙ্গে বৃহস্পতিবার এক বৈঠক চলাকালীন এ কথা জানান তিনি।
পেজেশকিয়ান জানান, মোজতবা খামেনির সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা আলোচনা করেছেন তিনি।
তবে বৈঠকটি কোথায় বা কখন হয়েছে, সেখানে আর কারা উপস্থিত ছিলেন কিংবা কী আলোচনা হয়েছে—এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি ইরানের প্রেসিডেন্ট।
ইরান-অ্যামেরিকা যুদ্ধে পিতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর গত ৮ মার্চ মোজতবা খামেনিকে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে গ্রহণ করে ইরান সরকার।
দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত সরাসরি কোনো ভিডিও বা জনসমক্ষে আসেননি মোজতবা খামেনি। এমনকি সর্বোচ্চ নেতা হিসেবে দেশের কোনো শীর্ষ কর্মকর্তার সঙ্গে মুখোমুখি বৈঠক করার এটিই প্রথম প্রকাশ্য সংবাদ।
এর আগে অ্যামেরিকান-ইসরায়েলি হামলায় একাধিকবার আড়ালে থাকা মোজতবা খামেনির গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তার শারীরিক অবস্থা কেমন, তা নিয়ে নিশ্চিত ও বিস্তারিত তথ্য জানা যায়নি।
এদিকে, সর্বোচ্চ নেতার সঙ্গে পেজেশকিয়ানের বৈঠকের খবর এমন সময় এল, যখন যুদ্ধ বন্ধে ইরান-অ্যামেরিকার চূড়ান্ত চুক্তি সম্পাদন নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।