হরমুজ প্রণালীতে মাইন স্থাপন করা যেকোনো নৌকা দেখলেই গুলি করে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দেওয়া এই নির্দেশনার মধ্যেই পেন্টাগন জানায়, ভারত মহাসাগরে ইরানি তেল বহনকারী আরেকটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাঙ্কারে উঠে অভিযান চালিয়েছে অ্যামেরিকান বাহিনী। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হরমুজ ঘিরে দুই দেশের উত্তেজনা আরও বেড়েছে।
ডনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “কোনো দ্বিধা থাকবে না।” তিনি বলেন, অ্যামেরিকান মাইনসুইপার জাহাজগুলো বর্তমানে হরমুজ প্রণালী পরিষ্কারের কাজ করছে। তবে বাস্তবে ইরানি নৌযান সেখানে মাইন পেতেছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ট্রাম্পের এই বক্তব্য হোয়াইট হাউসের আগের অবস্থানের তুলনায় অনেক বেশি কঠোর। বুধবার হোয়াইট হাউস জানিয়েছিল, ইরান যে দুইটি জাহাজ জব্দ করার দাবি করেছে, প্রেসিডেন্ট তা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখছেন না।
একদিন আগে ইরানি বাহিনী দাবি করে, তারা হরমুজ প্রণালীর কাছে দুইটি কার্গো জাহাজ আটক করেছে। বিশ্ব তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে যুদ্ধবিরতির মধ্যেও অ্যামেরিকা ও ইরান উভয় পক্ষ নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। তবে শান্তি আলোচনা আবার শুরু করার বিষয়ে কোনো পক্ষের প্রকাশ্য আগ্রহ দেখা যাচ্ছে না।
নতুন উত্তেজনার প্রভাব পড়েছে জ্বালানি বাজারেও। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে যায়।
ফেব্রুয়ারির শেষ দিকে অ্যামেরিকা ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকেই জ্বালানির দাম বাড়তে থাকে। এর জবাবে ইরান কার্যত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। পাল্টা পদক্ষেপ হিসেবে অ্যামেরিকা নৌ অবরোধ আরোপ করে, যার ফলে বহু জাহাজ ইরানি বন্দর ছাড়তে বা সেখানে প্রবেশ করতে পারেনি।
শুধু হরমুজ নয়, বিশ্বের অন্যান্য জলপথেও ইরান-সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিনত করছে অ্যামেরিকা। বৃহস্পতিবার পেন্টাগন জানায়, ভারত মহাসাগরে এম/টি ম্যাজেস্টিক এক্স নামের নিষেধাজ্ঞায় থাকা একটি ট্যাঙ্কার থামিয়ে তল্লাশি চালানো হয়েছে। জাহাজটি ইরানি তেল বহন করছিল বলে দাবি ওয়াশিংটনের।
এর আগে চলতি সপ্তাহেই অ্যামেরিকান নেভি সিলস ভারত মহাসাগরে এম/টি টিফানি নামের আরেকটি জাহাজে উঠে অভিযান চালায়। ট্রাম্প প্রশাসন বলছে, এসব পদক্ষেপের লক্ষ্য ইরানের তেল অর্থনীতিতে চাপ সৃষ্টি করা।