এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে অংশ নিতে চীনের শেনজেনে পৌঁছেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আজ বুধবার ট্রাম্প বিমানবন্দরে পৌঁছালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে ব্যক্তিগতভাবে স্বাগত জানান।
সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, ট্রাম্প তার বিমান এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পর জিনপিং লালগালিচা ধরে হেঁটে তার কাছে যান এবং আলিঙ্গন করেন। এ সময় সেনাসদস্যদের কুচকাওয়াজ এবং নৃত্যশিল্পীদের পরিবেশনায় তাকে স্বাগত জানানো হয়। বিমান থেকে নেমে ট্রাম্পও হাত মুষ্টিবদ্ধ করে উচ্ছ্বাস প্রকাশ করেন।
চীনা প্রেসিডেন্টের এভাবে বিমানবন্দরে উপস্থিত হয়ে ট্রাম্পকে স্বাগত জানানোর বিষয়টি ছিল কিছুটা অপ্রত্যাশিত। কারণ, গত মে মাসে ট্রাম্প বেইজিং সফরে গেলে বিমানবন্দরে তাকে ব্যক্তিগতভাবে অভ্যর্থনা জানাননি সি চিন পিং।
এর আগে গত সেপ্টেম্বরে জিনপিংয়ের সফরের সময় প্রচলিত প্রটোকল ভেঙে ওয়াশিংটনের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে বিমানবন্দরে গিয়ে তাকে স্বাগত জানিয়েছিলেন ট্রাম্প।
বিমানবন্দরের অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের ফার্স্ট লেডি পেং লিইউয়ান, চীনে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত ডেভিড পারডিউ ও তার স্ত্রী, কনসাল জেনারেল পলিন কাও এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী উপমন্ত্রী মা ঝাওশুসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অভ্যর্থনা অনুষ্ঠানে প্রথমে আমেরিকার জাতীয় সংগীত বাজানো হয়। এ সময় ট্রাম্পকে স্যালুট দিতে দেখা যায়। এরপর চীনের জাতীয় সংগীত বাজানো হয়। পরে পাঁচটি যুদ্ধবিমান আকাশে উড়ে লাল, নীল ও হলুদ রঙের ধোঁয়া ছড়িয়ে দেয়।
ম্যানিলায় ২৪ ঘণ্টা অবস্থানের পর শেনজেনে এপেক সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বৃহস্পতিবার প্রেসিডেন্ট জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প