মধ্যবর্তী নির্বাচন
দেশের ইতিহাসে যারা প্রথম, আছেন কৃষ্ণাঙ্গ ও আদিবাসী গভর্নর এবং মুসলিম ও সমকামী সেনেটর
- 0


প্রকাশিত: নভেম্বর ৪ ২০২৬, ১৮:৩৪ হালনাগাদ: নভেম্বর ৪ ২০২৬, ১৮:৩৪
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির নিরঙ্কুশ বিজয়ের পাশাপাশি ঐতিহাসিক রেকর্ড গড়েছেন দলটির একাধিক বিজয়ী প্রার্থীরা। আমেরিকার বিভিন্ন স্টেটে প্রথমবারের মতো গভর্নর নির্বাচিত হয়েছেন কৃষ্ণাঙ্গ, আদিবাসী ও লাতিনো প্রার্থীরা। একইসঙ্গে সেনেটে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন মুসলিম ও প্রকাশ্যে সমকামী একজন প্রার্থী।
আইউইটনেস নিউজ জানায়, মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়ে ব্যাপক আলোচনা ছিল। তবে কংগ্রেসের ক্ষমতার ভারসাম্যের পাশাপাশি এবারের নির্বাচনে বিভিন্ন জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের প্রতিনিধিত্বের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেছে।
নির্বাচনের প্রকাশিত ফলাফল অনুযায়ী, জর্জিয়া, নিউ মেক্সিকো, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও ও উইসকনসিনে কয়েকজন প্রার্থী নতুন ইতিহাস গড়েছেন।
জর্জিয়ায় প্রথম ডেমোক্র্যাট গভর্নর কেইশা ল্যান্স বটমস
জর্জিয়ার গভর্নর নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বটমস। তিনি রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ধনকুবের রিক জ্যাকসনকে পরাজিত করেছেন।
আটলান্টার সাবেক মেয়র বটমসের এই জয়ের মধ্য দিয়ে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো জর্জিয়ায় একজন ডেমোক্র্যাট গভর্নর নির্বাচিত হলেন।
প্রথম আদিবাসী গভর্নর ডেব হাল্যান্ড
নিউ মেক্সিকোর গভর্নর নির্বাচনে জয়ী হয়েছেন সাবেক সেক্রেটারি অব হোমল্যান্ড ডেব হাল্যান্ড। এর মধ্য দিয়ে আমেরিকার ইতিহাসে প্রথম আদিবাসী গভর্নর হচ্ছেন তিনি।
লাগুনা পুয়েবলো আদিবাসী জনগোষ্ঠীর সদস্য হাল্যান্ড নির্বাচনে সাবেক রিও র্যাঞ্চো মেয়র গ্রেগ হালকে পরাজিত করেছেন।
২০১৮ সালে কংগ্রেসের সদস্য নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন হাল্যান্ড। তিনি ছিলেন কংগ্রেসে নির্বাচিত প্রথম দুই আদিবাসী নারীর একজন।
টেক্সাসের প্রথম লাতিনা গভর্নর জিনা হিনোজোসা
টেক্সাসের গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসা জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে তিনি হবেন স্টেটটির প্রথম লাতিনো গভর্নর।
নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট। চতুর্থ মেয়াদে নির্বাচিত হওয়ার চেষ্টা করছিলেন অ্যাবট।
টেক্সাসের সাবেক কংগ্রেস প্রতিনিধি হিনোজোসা নির্বাচনী প্রচারে শিক্ষা খাতের সংস্কারের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি এআই প্রযুক্তির তথ্যকেন্দ্র নিয়ে অ্যাবটের সমালোচনা করেন।
প্রথম মুসলিম সেনেটর আবদুল এল-সাইয়েদ
সেনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্সকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ।একইসঙ্গে সেনেটের প্রথম মুসলিম প্রতিনিধি হিসেবেও রেকর্ড গড়লেন তিনি।
নির্বাচনী প্রচারের সময় এল-সাইয়েদকে ইসলামবিদ্বেষী আক্রমণের মুখে পড়তে হয়েছে। এসব আক্রমণের মধ্যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পসহ রিপাবলিকান দলের শীর্ষ নেতারাও ছিলেন।
ফ্লোরিডার প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর বায়রন ডোনাল্ডস
ফ্লোরিডার গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বায়রন ডোনাল্ডস জয়ী হয়েছেন। তিনি হবেন এ স্টেটের প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর।
কংগ্রেস সদস্য ডোনাল্ডস নির্বাচনী প্রচারে জীবনযাত্রার ব্যয় কমানো, নিরাপত্তা নিশ্চিত করা এবং তরুণদের জন্য বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।
নির্বাচনী প্রচারের সময় তার ওয়েবসাইট থেকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করা কয়েকটি বিষয় সরিয়ে ফেলার ঘটনা আলোচনার জন্ম দেয়। তবে পরে এক্সে দেওয়া পোস্টে ট্রাম্পের সমর্থন পাওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি।
ওহাইওর প্রথম নারী ও ইহুদি গভর্নর অ্যামি অ্যাক্টন
ওহাইওর গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী ডা. অ্যামি অ্যাক্টন।
স্টেটের স্বাস্থ্য বিভাগের সাবেক এই পরিচালক ওহাইওর ইতিহাসে প্রথম নারী গভর্নর হবেন। একই সঙ্গে তিনি হবেন স্টেটের প্রথম ইহুদি গভর্নর।
নির্বাচনী প্রচারের সময় রামাস্বামীর প্রচারশিবিরের একটি বিজ্ঞাপন নিয়ে বিতর্ক তৈরি হয়। ওই বিজ্ঞাপনে অ্যাক্টনের মাকে নিয়ে ব্যক্তিগত পারিবারিক বিষয় তুলে ধরে তাকে মিথ্যাবাদী হিসেবে চিত্রিত করার চেষ্টা করা হয়েছিল। এর পর অ্যাক্টনের প্রতি সমর্থন বাড়ে।
উইসকনসিনের প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর ডেভিড ক্রাউলি
উইসকনসিনের গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ডেভিড ক্রাউলি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে তিনি হবেন স্টেটের প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর।
মিলওয়াকি কাউন্টির নির্বাহী ক্রাউলি রিপাবলিকান প্রার্থী ও ট্রাম্পের মিত্র টম টিফানিকে পরাজিত করেছেন। বিদায়ী ডেমোক্র্যাট গভর্নর টনি এভার্সের স্থলাভিষিক্ত হবেন তিনি।
নির্বাচনী প্রচারে জীবনযাত্রার ব্যয় কমানো এবং ‘মাগা’ আন্দোলনের চরমপন্থার বিরোধিতার কথা বলেন ক্রাউলি। অপরাধ ও অভিবাসন বিষয়ে তার অবস্থান নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমালোচনা করেছিলেন।
প্রথম প্রকাশ্যে সমকামী সেনেটর ক্রিস পাপাস
নিউ হ্যাম্পশায়ারের সেনেট নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস পাপাস। তিনি ইতিহাসে প্রথম প্রকাশ্যে সমকামী সেনেটর হবেন।
হাউস অব রিপ্রেজেনটেটিভসের সদস্য পাপাস নির্বাচনে রিপাবলিকান দলের সাবেক সেনেটর জন সুনুনুকে পরাজিত করেছেন। সুনুনু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেয়েছিলেন।
নির্বাচনী প্রচারে পাপাসের পক্ষে অংশ নিয়েছিলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের মতো ডেমোক্র্যাট নেতারা।
