হরমুজ প্রণালির দক্ষিণে অনুমোদনহীন রুট দিয়ে চলাচলের সময় সি মাইনের আঘাতে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানায় আইআরজিসি।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ট্যাংকারগুলো হরমুজ প্রণালির দক্ষিণে অনুমোদনহীন রুট দিয়ে চলাচলের চেষ্টা করার সময় সি মাইনে আঘাত পায়। এতে জাহাজগুলোতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।
রেভল্যুশনারি গার্ডসের দাবি, ট্যাংকারগুলো তাদের রাডার ও নেভিগেশন সিস্টেম বন্ধ করে দিয়েছিল এবং বাহিনীর নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করেছিল। পরে জাহাজগুলো হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল বলে জানায় তারা।
এদিকে, বৃহস্পতিবার হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লাগার খবর পেয়েছে বৃটেইনভিত্তিক মেরিটাইম এজেন্সি ইউকেএমটিও। তবে আগুন লাগার কারণ কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সংস্থাটি।
ইউকেএমটিও জানায়, অন্য একটি জাহাজের ক্যাপ্টেনের কাছ থেকে তারা আগুন লাগার খবর পায়। ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ৯ নটিক্যাল মাইল বা ১৭ কিলোমিটার উত্তরে জাহাজটিকে আগুনে জ্বলতে দেখা যায়।
বিশ্বের তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে জলপথটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইরান। প্রণালি দিয়ে অনুমোদনহীনভাবে চলাচলের অভিযোগে বিভিন্ন জাহাজে হামলাও চালিয়েছে দেশটি।
এর জবাবে ইরানের বন্দরগুলোর ওপর পাল্টা ব্লকেড আরোপ করেছে আমেরিকা।