শাটডাউন আরও দীর্ঘ হলে নভেম্বর মাসের ফুড স্ট্যাম্প সুবিধা দিতে নিজস্ব ছয় বিলিয়ন ডলারের জরুরি তহবিল ব্যবহার করবে না ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার-ইউএসডিএ।
নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ও অন্যান্য স্টেইটের কর্মকর্তাদের অনুরোধ উপেক্ষা করে এ সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি।
এর আগে ইউএসডিএ সতর্ক করে বলেছিল যে, শাটডাউনের কারণে ছুটির মৌসুমের আগে লাখো নিউ ইয়র্কবাসী খাদ্য সংকটে পড়তে পারেন।
এনওয়াই ডেইলি নিউজ জানায়, হোকুল এগ্রিকালচার সেক্রেটারি ব্রুক রোলিন্সকে লেখা এক চিঠিতে ফুড স্ট্যাম্প সুবিধা অব্যাহত রাখার অনুরোধ জানান।
তিনি বলেন, ফেডারেল আইন জরুরি অবস্থায় স্ন্যাপ সুবিধা প্রদানের জন্য জরুরি তহবিল ব্যবহারের অনুমতি দেয়। যখন আইনি প্রক্রিয়া ও অর্থায়নের মাধ্যমে সমাধান সম্ভব, তখন নিউ ইয়র্কের কোনো বাসিন্দার ক্ষুধার্ত থাকা উচিত নয়।
সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (স্ন্যাপ) ফুড স্ট্যাম্প হিসেবেও পরিচিত। ইউএসডিএর অর্থায়নে কর্মসূচিটি স্বল্প আয়ের পরিবারের ভোগ্য সামগ্রীর খরচ পূরণে সহায়তা করে। এর মাধ্যমে কম আয়ের মানুষজন স্বাস্থ্য ঠিক রাখতে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার কিনতে পারেন।
ইউএসডিএর তথ্য অনুযায়ী, প্রতি মাসে প্রায় ৪২ মিলিয়ন অ্যামেরিকান এ সুবিধা পান, তবে সংস্থাটি তার অবস্থান পরিবর্তন না করলে পহেলা নভেম্বর থেকে নগরবাসীর জন্য অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে।
ইউএসডিএর একটি মেমো হাতে পেয়েছে ডেইলি নিউজ।
এতে জানানো হয়, আগামী মাসে ফুড স্ট্যাম্প সুবিধা দিতে তারা জরুরি তহবিল ব্যবহার করবে না।
সংস্থাটির মতে, জরুরি তহবিল নিয়ম অনুযায়ী নিয়মিত সুবিধা দিতে ব্যবহার করা যায় না। এগুলো শুধু প্রকৃত জরুরি অবস্থার জন্য (যেমন: হারিকেন, টর্নেডো বা বন্যার মতো ঘটনা, যা হঠাৎ করে এবং কোনো সতর্কতা ছাড়াই ঘটতে পারে) বরাদ্দ।
এমন পরিস্থিতিতে হোকুল শুক্রবার ঘোষণা করেছেন, ১১ মিলিয়ন ডলারের স্টেইট তহবিল জরুরি খাদ্য সহায়তা প্রোগ্রামের জন্য ব্যবহার করা হবে। এর মধ্যে রয়েছে লোকাল ইমার্জেন্সি ফুড রিলিফ ইকুইপমেন্ট গ্রান্টস এবং ফিডিং নিউ ইয়র্ক স্টেট প্রোগ্রাম।
গত ১ অক্টোবর থেকে শুরু হয় সরকারি শাটডাউন। এটি এরই মধ্যে অ্যামেরিকার ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম শাটডাউন, যার দ্রুত কোনো অবসান দেখা যাচ্ছে না।
আইনপ্রণেতারা ধারণা করছেন যে, শাটডাউন ইতিহাসের দীর্ঘতম হতে পারে। এটি ট্রাম্পের প্রথম মেয়াদের ৩৫ দিনের রেকর্ড অতিক্রম করতে পারে।