
ভূমিকম্পে ঢাকায় তিনজন নিহত, ক্ষতিগ্রস্ত অনেক ভবন

ইউএনবি
প্রকাশিত: নভেম্বর ২১ ২০২৫, ১৯:১৯

কসাইটুলীর ক্ষতিগ্রস্ত ভবনে কাজ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: রাকিবুল হাসান/ইউএনবি
- 0
স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে ছয় তলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী ঘটনাস্থলে নিহত হন। ভবটির নিচে একটি গরুর মাংস বিক্রির দোকান ছিল। সেখানে থাকা ক্রেতা ও পথচারীরা আহত হন।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং এর কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী।
সকাল ১০টা ৩৮ থেকে ১০টা ৩৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পে ঢাকার বংশালের কসাইটুলীর কেপি ঘোষ স্ট্রিটের ২০/সি নম্বর ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিনজন পথচারী নিহত হন।
স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে ছয় তলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী ঘটনাস্থলে নিহত হন। ভবটির নিচে একটি গরুর মাংস বিক্রির দোকান ছিল। সেখানে থাকা ক্রেতা ও পথচারীরা আহত হন।
ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হন।
ভুক্তভোগী তিনজনকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) নেওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন বলে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জাকারিয়া হোসেন নয়নের বরাত দিয়ে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
হাসপাতালটিতে আরও অন্তত ১০ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের উপ-সহকারী পরিচালক শাহজাহান শিকদার।
ভূমিকম্পে রাজধানীর আরও বেশ কিছু জায়গায় ভবন হেলে ও ধসে পড়ার খবর দিয়েছে ফায়ার সার্ভিস।
পুরান ঢাকার কসাইটুলীতে আট তলা ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। এর ভিত্তিতে সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট সেখানে যায়, তবে পলেস্তারার কিছু আলগা অংশ ও কিছু ইট খসে পড়লেও ভবনের কোনো ক্ষতি হয়নি এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।
খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী দোতলা একটি ভবনে ইট পড়ে একজন আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান।
এদিকে বারিধারা এফ ব্লকের ৫ নম্বর রোডের একটি বাসায় আগুনের সংবাদ পাওয়া গেছে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট অগ্নিনির্বাপণ করে, অগ্নিকাণ্ডটি ভূমিকম্পের কারণে কি না, তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
এ ছাড়া পুরান ঢাকার স্বামীবাগে আট তলা একটি ভবন অন্য একটি ভবনে হেলে পড়ার খবর পাওয়া গেছে।
ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। খবর শুনে স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
কলাবাগানের আবেদখালী রোডের একটি ৭ তলা ভবনও হেলে পড়ার খবর পাওয়া গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কোনো হতাহতের ঘটনা পায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটি ঠিক আছে। লোকজন আতঙ্কিত হয়ে ফোন করেছিল।
এ ছাড়াও রামপুরা টিভি রোডে কয়েকটা ভবন অন্যগুলোর ওপর হেলে পড়েছে।
উত্তরা ১১ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের একটি ছয় তলা বাড়ির দ্বিতীয় তলায় চারপাশে বড় ফাটল ধরেছে।
এদিকে পঙ্গু হাসপাতালের সামনের অংশে ওপর পর্যন্ত বড় ফাটল ধরেছে খবর পাওয়া গেছে।
অন্যদিকে মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বাসায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।
গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও ইটাহাটা এলাকায় কয়েকটি পোশাক কারখানা থেকে হুড়োহুড়ি করে রাস্তায় বের হতে গিয়ে এবং সিঁড়ি বেয়ে নামতে গিয়ে শতাধিক মানুষ আহত হয়েছে।