সহিংসতা সৃষ্টি ও বিশৃঙ্খলা তৈরির সঙ্গে জড়িতদের দমনে সরকার কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা করে তাদের জীবনমানের উন্নয়ন এবং পোশাক উৎপাদন যাতে ব্যাহত না হয় সে বিষয়ে সরকার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পোশাক খাতের উদ্ভুত পরিস্থিতি নিয়ে জরুরি পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এসময় মন্ত্রীর কাছে বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন যাতে পোশাক শ্রমিকদের স্বার্থকে রক্ষা করা হয়, তাদের জীবনমান উন্নত হয় এবং বাংলাদেশে উৎপাদন ও উন্নয়ন যাতে ব্যাহত না হয়, রপ্তানি যাতে বৃদ্ধি প্রাপ্ত হয়। সমস্ত বিষয়ে লক্ষ্য রেখেই যেন পদক্ষেপ গ্রহণ করা হয়।
‘‘আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করেছি যারা সহিংসতার সাথে জড়িত থাকবে, যারা উশৃঙ্খল আচরণ করবে, অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে, অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে তাদেরকে কঠোরভাবে দমন করা হবে।”
প্রায় দেড় ঘণ্টার এ বৈঠকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন, বিএনপির শ্রমিক সংগঠক জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।