অভিবাসন আইন প্রয়োগে আরও কঠোর হয়েছে ট্রাম্প প্রশাসন, যার ধারাবাহিকতায় এবার আইসের হাতে আটক হয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটের এক আত্মীয়।
এনবিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে বিষয়টির সঙ্গে জড়িত একটি সূত্র। আটক ওই নারী লেভিটের ভাগ্নের মা। ব্রুনা ক্যারোলিন ফেরেইরা নামে সেই নারীকে আইস এজেন্টরা এই মাসের শুরুতে ম্যাসাচুসেটসে গ্রেপ্তার করেছে।
হোমল্যান্ড সিকিউরিটির(ডিএইচএস) একজন মুখপাত্র জানান, তিনি ব্রাজিল থেকে আসা একজন ‘অবৈধ বিদেশি অপরাধী’ এবং ১৯৯৯ সালের জুন মাসে তার পর্যটন ভিসার মেয়াদ শেষ হয়ে যায়।
ফেরেইরাকে এখন লুইসিয়ানার একটি সেন্টারে রাখা হয়েছে এবং তাকে দেশ থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
সূত্রের তথ্য অনুযায়ী, লেভিটের ভাগ্নে জন্মের পর থেকেই নিউ হ্যাম্পশায়ারে তার বাবার সঙ্গে থাকে। সে কখনও মায়ের সঙ্গে থাকেনি, এমনকি বহু বছর ধরে তার সঙ্গে কথা পর্যন্ত বলেনি। সূত্রটি আরও বলেছে যে ফেরেইরাও কখনও সন্তানের সঙ্গে থাকেননি।
তবে ‘গোফাউন্ডমি’ পেজে ফেরেইরার পরিবার অন্যভাবে বিষয়টি তুলে ধরেছে। তারা বলেছে, ফেরেইরাকে ১৯৯৮ সালে অ্যামেরিকায় আনা হয় এবং তিনি এখানে একটি ভালো, স্থিতিশীল জীবন গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। পরিবারটির দাবি, ফেরেইরার ডিএসিএ (ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস) প্রোগ্রামের অধীনে আইনি মর্যাদাও রয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেস নিশ্চিত করেছে, সাম্প্রতিক অভিবাসন অভিযানে যাদের আটক করা হয়েছে, তাদের মধ্যে কিছু ডিএসিএ প্রাপকও আছেন।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী লেভিট অভিবাসীদের ‘অবৈধ বিদেশি অপরাধী’ হিসেবে উল্লেখ করেন এবং সীমান্ত খুলে দিয়ে গত চার বছরে লক্ষ লক্ষ অবৈধ মানুষকে দেশে ঢুকতে দিয়েছে বলে ডেমোক্র্যাটিকদের অভিযুক্ত করেন।