প্রবাসী কর্মীদের জন্য চালু হতে যাওয়া প্রবাসী কার্ডের মাধ্যমে রেমিট্যান্সে ৩ শতাংশ নগদ প্রণোদনা দেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। কার্ড প্রস্তুত ও বিতরণ সম্পন্ন হলে এ সুবিধা কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রবাসী কার্ড চূড়ান্ত করে বিতরণ করা হলে কর্মীরা ৩ শতাংশ প্রণোদনা পাওয়ার যোগ্য হবেন।
বর্তমানে বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠালে সরকার ২ দশমিক ৫ শতাংশ নগদ প্রণোদনা দেয়। প্রবাসী কার্ডের আওতায় কর্মীদের মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ১১টি খাত চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া চারটি দেশে কার্ডটির পরীক্ষামূলক কার্যক্রম চলছে বলে জানান নুরুল হক নুর।
অনুষ্ঠানে বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় নিয়োগকারী সংস্থাগুলোর ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, অনেক কর্মী বিদেশে যাওয়ার জন্য অর্থ ব্যয় করেও সেখানে গিয়ে কাজ পান না। একপর্যায়ে তাঁদের দেশে ফিরে আসতে হয় এবং নতুন করে জীবিকা নির্বাহের সংগ্রামে নামতে হয়। এমন পরিস্থিতিতে দেশে থাকা পরিবারের সদস্যদেরও আর্থিক সংকটে পড়তে হয়।
নিয়োগকারী সংস্থাগুলোর কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করতে শ্রেণিবিন্যাস ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ ব্যবস্থা বাস্তবায়িত হলে সর্বোচ্চ ৫০০টি নিয়োগকারী সংস্থা টিকে থাকতে পারে বলে মনে করেন প্রতিমন্ত্রী।
নুরুল হক নুর বলেন, নিয়োগকারী সংস্থাগুলোকে নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার মধ্যে আনা না গেলে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা কঠিন হবে।
এদিকে, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর পাঠ্যক্রম সংশোধনের কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী।