নিউ ইয়র্ক সিটির স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যান্ড্রু কুওমোর প্রচারে ভীত নন বলে দাবি করেছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোরান মামদানি।
জ্যামাইকার মুসলিম সেন্টারে শুক্রবার জুমার নামাজ আদায় করে তিনি বলেন, নিউ ইয়র্কবাসীর জন্য সমান সম্ভাবনা ও সুযোগ সৃষ্টি করতে চান তিনি।
ভোটাধিকার নিশ্চিতে সবাইকে ২৫ অক্টোবরের মধ্যে ভোটার রেজিস্ট্রেশন করার আহ্বানও জানান তিনি।
নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকা কুইন্সের জ্যামাইকা। কয়েক হাজার বাংলাদেশি অ্যামেরিকান মুসলমানের পাশাপাশি বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মানুষ জ্যামাইকা মুসলিম সেন্টারের মসজিদ আল মামুরে জুমার নামাজ আদায় করেন।
সেখানকার মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ আদায় করতে আসেন নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোরান মামদানি। নামাজ শেষে একটি জানাজা ও দোয়ায় অংশ নেন তিনি। পরে প্রার্থী হিসেবে সবার উদ্দেশে বক্তব্য দেন মামদানি।
মেয়র নির্বাচিত হলে মুসলমানরা তাদের ধর্মের জন্য আরও বেশি গর্বিত হবেন বলে আশা করেন এ প্রার্থী।
নির্বাচনি প্রচারে আরেক মেয়র প্রার্থী অ্যান্ড্রু কুওমোর মন্তব্যের সমালোচনা করেন মামদানি। ওই সময় ভোটাধিকার নিশ্চিতে সবাইকে ভোটার রেজিস্ট্রেশন করার অনুরোধ করেন তিনি।
মসজিদে মামদানির নামাজ আদায় ও নির্বাচনি প্রচার নিয়ে কথা বলেন বাংলাদেশি অ্যামেরিকানরা। তাদের মধ্যে ছিলেন এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর কারাম চৌধুরী, বাপার সাধারণ সম্পাদক রাসেক মালেক, সিটি এডুকেশনাল পলিসির চেয়ারম্যান শামসুল হক ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার।
মামদানিকে জয়ী করতে ফান্ড সংগ্রহ করছে বাংলাদেশি নানা সংগঠন।
সিটি ও মুসলিমদের স্বার্থে মামদানিকে জয়ী করার আহ্বান জানিয়েছেন কমিউনিটির সদস্যরা।