আমেরিকায় আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত মধ্যবর্তী নির্বাচন। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অবশিষ্ট মেয়াদে কংগ্রেসের নীতি নির্ধারণী ক্ষমতা ডেমোক্র্যাটিক পার্টি নাকি ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির হাতে থাকবে- তা নির্ধারণ হবে এ নির্বাচনে।
তবে প্রশাসনিক ও রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষমতার রদবলের সিদ্ধান্তের পরিবর্তে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে অবস্থিত আর্থিক খাতের হাব ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারী ব্যাংকিং সংস্থাগুলোর কাছে বেশি গুরুত্বপূর্ণ এ খাতের খাতের ভবিষ্যৎ।
সংশ্লিষ্টরা মনে করছেন, নির্বাচনে কয়েকটি গুরুত্বপূর্ণ আসনের ফলাফল ক্রিপ্টোকারেন্সি, ক্রেডিট কার্ডের ফি, ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ এবং আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) অবকাঠামোয় বিনিয়োগের ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখতে পারে।
কংগ্রেসের এক বা উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেলে ডেমোক্র্যাটরা আর্থিক প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর বিরুদ্ধে তদন্তের সুযোগ পাবে। অন্যদিকে, কয়েকটি স্টেটের গভর্নর নির্বাচনের ফলাফল এআই অবকাঠামো খাতে আড়াই ট্রিলিয়ন ডলারের পরিকল্পিত বিনিয়োগের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ওয়াল স্ট্রিটের আর্থিক খাতগুলোর নজর রয়েছে বিশেষ করে ওহাইও, ক্যানসাস, টেক্সাস ও নেব্রাস্কার সেনেট নির্বাচনের দিকে।
ওহাইও
ওহাইওতে ডেমোক্র্যাট প্রার্থী শেরড ব্রাউনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন রিপাবলিকান সেনেটর জন হাস্টেড। ক্রিপ্টোকারেন্সির বিরোধী ব্রাউনকে ঠেকাতে এ খাতের বিভিন্ন গোষ্ঠী ৫ কোটি ডলারের বেশি ব্যয় করেছে। ব্রাউন জয়ী হলে সেনেটের ব্যাংকিং কমিটির নেতৃত্বে ফেরার সুযোগ পেতে পারেন। এ কমিটি আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর তদারকি করে।
ক্যানসাস
ক্যানসাসে রিপাবলিকান সেনেটর রজার মার্শালের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট অ্যাডাম হ্যামিলটন। ক্রেডিট কার্ডের লেনদেনে ব্যাংকগুলোর নেওয়া ফি বা ‘সোয়াইপ ফি’র সর্বোচ্চ সীমা নির্ধারণের পক্ষে মার্শাল। তবে ব্যাংকগুলো দীর্ঘদিন ধরে এ উদ্যোগের বিরোধিতা করে আসছে।
টেক্সাস
টেক্সাসে রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের সঙ্গে লড়ছেন ডেমোক্র্যাট জেমস টালারিকো। টালারিকো জয়ী হলে কয়েক দশকের মধ্যে স্টেইটটির নির্বাচনে প্রথমবারের মতো জয় পাবে ডেমোক্র্যাটরা। প্যাক্সটন এর আগে জলবায়ু ও বৈচিত্র্যবিষয়ক নীতির কারণে ওয়াল স্ট্রিটের বিভিন্ন ব্যাংক ও সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত ও মামলা করেছেন।
নেব্রাস্কা
নেব্রাস্কায় রিপাবলিকান সেনেটর পিট রিকেটসের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ড্যান অসবর্ন। ক্রিপ্টোকারেন্সিবান্ধব নীতির সমর্থক রিকেটসের নির্বাচনী প্রচারণায় অর্থ দিয়েছে ক্রিপ্টো খাতের সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো। অন্যদিকে, অসবর্ন ক্রেডিট কার্ডের লেনদেনে ব্যাংকগুলোর নেওয়া ফিকে ক্ষুদ্র ব্যবসার ওপর অন্যায্য বোঝা বলে সমালোচনা করেছেন।
এদিকে, এআই খাতে বিনিয়োগের ভবিষ্যৎ নির্ধারণে গভর্নর নির্বাচনও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ডেটা সেন্টার নির্মাণের বিরুদ্ধে জনমত বাড়ায় এ খাতের প্রকল্পগুলো বাধার মুখে পড়তে পারে। টেক্সাস, জর্জিয়া ও ওহাইওর গভর্নর নির্বাচন এ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাচ্ছে। মরগান স্ট্যানলির বিশ্লেষকেরা পেনসিলভানিয়া, নেভাদা, উইসকনসিন ও মিশিগানের নির্বাচনও পর্যবেক্ষণে রাখছেন।