জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় আগাম সতর্কবার্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে উন্নত প্রযুক্তি ও আর্থিক সহায়তা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ ক্ষেত্রে উন্নত দেশগুলোকে উদারভাবে সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গত ১১ নভেম্বর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত ‘আর্লি ওয়ার্নিংস ফর অল: ডেলিভারিং অন আওয়ার প্রমিজ টু প্রটেক্ট এভরিওয়ান’ শীর্ষক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। কপ৩১ সম্মেলনের পাশাপাশি আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রীরা অংশ নেন।
শুক্রবার (১৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্যে শামা ওবায়েদ স্বাধীনতার পর থেকে বাংলাদেশের আগাম সতর্কবার্তা ব্যবস্থার উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও ধারাবাহিক উন্নয়নের ফলে গত কয়েক বছরে দুর্যোগে প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
তিনি জানান, আবহাওয়ার পূর্বাভাস উন্নত করা, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবকদের বড় নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। এসব স্বেচ্ছাসেবকের প্রায় অর্ধেক নারী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশের নাগরিকদের সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আগাম সতর্কবার্তা ব্যবস্থার কার্যকারিতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য উদীয়মান প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তবে উন্নত ও কার্যকর আগাম সতর্কবার্তা ব্যবস্থা গড়ে তুলতে বড় ধরনের আর্থিক বিনিয়োগের পাশাপাশি উন্নত প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। এ ক্ষেত্রে উন্নত দেশগুলোর সহযোগিতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলেও জানান।
এ ছাড়া আগাম সতর্কবার্তা আরও কার্যকর করতে আঞ্চলিক পর্যায়ে তথ্য আদান-প্রদান ও সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন শামা ওবায়েদ।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফাহমিদা খানমসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।