চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল-সিইপিজেডের একটি কারখানায় ভয়াবহ আগুন ধরেছে।
দাউদাউ করে জ্বলতে থাকা এ আগুন নিয়ন্ত্রণকাজে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট নিয়োজিত আছে বলে জানিয়েছে বাহিনীর মিডিয়া সেল।
ইউএনবি জানায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কারখানাটিতে আগুন ধরে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, বেলা আড়াইটার দিকে সিইপিজেড এলাকার আট তলা ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় অবস্থিত ‘অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামের কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ও নৌবাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও আটটি ইউনিট তাদের সঙ্গে যোগ দিয়েছে।
তিনি জানান, ভবনে থাকা ১৮ থেকে ২০ জন কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন।
এখন পর্যন্ত ভবনের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তলা আগুনে পুড়ে গেছে বলে খবর পেয়েছে ইউএনবি।
বার্তা সংস্থাটি জানায়, এ অবস্থা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে, তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।
কর্মকর্তাদের আশঙ্কা, কারখানায় থাকা রাসায়নিক পদার্থের কারণে আগুনের তীব্রতা বেড়ে যেতে পারে।