প্রাণঘাতী লেথাল ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছেন টেনেসির কারা প্রধান ফ্রাঙ্ক স্ট্রাডা। ৩ অক্টোবর, শনিবার স্টেইট গভর্নর বিল লি তার পদত্যাগের ঘোষণা দেন। চলতি মাসেই দায়িত্ব ছাড়বেন টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশনের এই কমিশনার।
এর আগে গত বুধবার টেনেসির ন্যাশভিলের রিভারবেন্ড ম্যাক্সিমাম সিকিউরিটি ইনস্টিটিউশনে ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর করতে দুই দফায় প্রাণঘাতী ইনজেকশন দেওয়া হয়। তবে পেন্টোবারবিটাল প্রয়োগের পরও তিনি মারা যাননি। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
পাইকের আইনজীবীদের শুক্রবার আদালতে দেওয়া নথি অনুযায়ী, তিনি অচেতন অবস্থায় ছিলেন এবং শ্বাস-প্রশ্বাসের জন্য যান্ত্রিক ভেন্টিলেটরের সহায়তা প্রয়োজন হচ্ছিল। চিকিৎসকেরা তার জীবন রক্ষার পাশাপাশি শরীর থেকে পেন্টোবারবিটাল ওষুধের প্রভাব দূর করার চেষ্টা করছিলেন।
ঘটনার পর গভর্নর বিল লি টেনেসিতে ২০২৬ সালের বাকি সময়ের জন্য মৃত্যুদণ্ড কার্যকরের সব প্রচেষ্টা স্থগিত করেন। একই সঙ্গে ন্যাশভিলের রিভারবেন্ড ম্যাক্সিমাম সিকিউরিটি ইনস্টিটিউশনে ঘটে যাওয়া ব্যর্থ মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা তদন্তে একটি স্বাধীন পর্যালোচনার নির্দেশ দেন।
পদত্যাগের বিষয়ে স্ট্রাডা বলেন, তার বিশ্বাস কারা বিভাগের কর্মীরা নির্ধারিত প্রটোকল অনুসরণ করেই দায়িত্ব পালন করেছেন। তবে স্বাধীন তদন্ত এগিয়ে নেওয়ার সময় সরে দাঁড়ানোই টেনেসির মানুষের স্বার্থে সবচেয়ে উপযুক্ত বলে তিনি মনে করেন। গভর্নরের কার্যালয় জানিয়েছে, পরবর্তীতে একজন অন্তর্বর্তীকালীন কমিশনার নিয়োগ করা হবে।
এদিকে পাইকের আইনজীবীরা অভিযোগ করেছেন, মৃত্যুদণ্ড কার্যকরের আগে তার চিকিৎসকেরা সতর্ক করেছিলেন যে পাইকের শিরা তুলনামূলক ছোট এবং তার থ্রম্বোসাইটোসিস নামের একটি রক্তসংক্রান্ত সমস্যা রয়েছে। এসব কারণে শিরায় ইনট্রাভেনাস লাইন স্থাপন করা বিশেষভাবে কঠিন হতে পারে বলে তারা জানিয়েছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীন তদন্ত এখনো চলমান।
৫০ বছর বয়সী ক্রিস্টা পাইক ১৯৯৫ সালে ১৯ বছর বয়সী কলিন স্লেমারকে হত্যার ঘটনায় ফার্স্ট-ডিগ্রি মার্ডারে দোষী সাব্যস্ত হন। ওই সময় পাইকের বয়স ছিল ১৮ বছর। প্রায় তিন দশক পর বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করা হয়।
টেনেসিতে চলতি বছর এটি ছিল মৃত্যুদণ্ড কার্যকরের দ্বিতীয় ব্যর্থ চেষ্টা। এর আগে মে মাসে টনি কারাথার্সের মৃত্যুদণ্ড কার্যকরের সময় কর্মকর্তারা দীর্ঘ সময় চেষ্টা করেও প্রয়োজনীয় শিরায় প্রবেশ করতে না পারায় প্রক্রিয়াটি বন্ধ করে দেন।