সম্প্রতি আলোচিত ইরানের সাত দিনের পরিকল্পনার সর্বশেষ আপডেট জানিয়েছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। রবিবার তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইরানের প্রস্তাবিত পরিকল্পনাটির ওপর অ্যামেরিকার সবশেষ প্রতিক্রিয়ার জবাবে কিছু অতিরিক্ত বক্তব্য জানাবে তেহরান। পারমাণবিক ইস্যু নিয়ে এই মুহূর্তে তেহরান কোনো আলোচনায় যেতে রাজি নয় বলেও জানিয়েছেন ইরানি এই কূটনীতিক।
ইসমাইল বাঘেই বলেন, ‘আমরা স্পষ্টভাবে জানিয়েছি যে, এই মুহূর্তে আমাদের মূল ফোকাস হরমুয প্রণালীর ওপর। হরমুয প্রণালীর নিরাপত্তা পুনরুদ্ধার করতে অ্যামেরিকান পক্ষকে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে।’
তিনি আরো বলেন, ‘পারমাণবিক বিষয়টি নিয়ে আমরা একেবারেই আলোচনায় যাইনি, আমাদের কাজ ছিলো শর্তগুলো পৌঁছানো। মধ্যস্ততাকারীরা তাদের ভূমিকা পালন করেছে।’
বাঘেই বলেন, ওয়াশিংটনের দেয়া সবশেষ প্রস্তাব পূর্ববর্তী অবস্থানের কাছাকাছি। তবে তেহরান বিষয়গুলো পর্যালোচনা করেছে এবং কিছু পর্যালোচনাসহ ইরানের মতামত মধ্যস্ততাকারীদের মাধ্যমে ওয়াশিংটনে পাঠাবে। একইসাথে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির বিষয়ে আন্তর্জাতিক দায়বদ্ধতা মেনে চলার কথাও জানান বাঘেই। তিনি বলেন, ‘আমরা এখনো এনপিটি চুক্তিতের স্বাক্ষরকারী দেশ। যতদিন এনপিটিতে থাকবো, ততদিন আন্তর্জাতিক দায়বদ্ধতা মেনে চলতে আমার প্রতিশ্রুতিবদ্ধ।’
এসময় পুনরায় আগ্রাসন শুরু হলে প্রতিবেশি দেশগুলোর ভূখণ্ড ব্যবহারের বিষয়েও সতর্ক হুঁশিয়ারি দেন ইরানি এই কূটনীতিক। বাঘেই বলেন, অ্যামেরিকান আগ্রাসনে কোনো দেশ ভূখণ্ডগত সহায়তা দিলে তার পরিণতি খুবই কঠোর। ইরানের প্রতিক্রিয়াও হবে ভিন্ন।