আমেরিকায় জন্ম নেওয়া বিদেশি কর্মীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উদ্যোগ বাতিল করেছে ফেডারেল আদালত। এ সম্পর্কিত ট্রাম্পের নির্বাহী আদেশ বুধবার ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট কোর্ট বিচারক ক্রিস্টোফার কুপার বাতিলের আদেশ দেন।
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নিয়োগ দেওয়া বিচারক কুপার ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে করা একটি মামলার পরিপ্রেক্ষিতে প্রাথমিক নিষেধাজ্ঞা জারি করেন। একই সঙ্গে মামলাটিকে শ্রেণিভিত্তিক (ক্লাস অ্যাকশন) মামলা হিসেবে গ্রহণ করে আদালত।
মামলাকারীদের আশঙ্কা ছিল, নির্বাহী আদেশ কার্যকর হলে তাদের সন্তানদের বেআইনিভাবে আমেরিকার নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হবে।
সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সই করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে চলতি বছরের জুনে সুপ্রিম কোর্ট তার সেই উদ্যোগ নাকচ করে দেন।
এরপর গত আগস্ট মাসে ট্রাম্প নতুন আরেকটি নির্বাহী আদেশ জারি করেন। এতে তথাকথিত ‘বার্থ ট্যুরিজম’ বন্ধের পাশাপাশি জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা সীমিত করার উদ্যোগ নেওয়া হয়।
নতুন আদেশে আমেরিকায় জন্ম নেওয়া যেসব শিশুর বাবা-মায়ের কূটনৈতিক দায়মুক্তি নেই এবং যারা বিদেশি সরকার বা অন্য কোনো প্রতিষ্ঠানে কর্মরত, তাদের নাগরিকত্ব না দেওয়ার কথা বলা হয়েছিল। বাণিজ্যিক সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া শিশুদেরও এ বিধিনিষেধের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছিল।
তবে বিচারক কুপার তার রায়ে বলেন, ‘আমেরিকায় জন্ম নেওয়া এবং দেশটির আইনের আওতাধীন শিশুদের জন্মসূত্রে নাগরিকত্বের ক্ষেত্রে প্রেসিডেন্ট নতুন কোনো ব্যতিক্রম তৈরি করতে পারেন না। সংবিধানের নাগরিকত্ববিষয়ক ধারা দেশটিতে জন্ম নেওয়া প্রায় সব শিশুর নাগরিকত্ব নিশ্চিত করে।’
এদিকে আদালতের এ রায়ের সমালোচনা করেছে হোয়াইট হাউস। এক বিবৃতিতে বিচারক কুপারকে ‘অ্যাকটিভিস্ট বিচারক’ আখ্যা দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। হোয়াইট হাউসের দাবি, জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের নির্বাহী আদেশ সুপ্রিম কোর্টের রায় ও বিশ্লেষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।