Skip to main content

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ২ ২০২৬, ১৫:৪৬ হালনাগাদ: জুন ১২ ২০২৬, ১৮:২৫

জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতি পদে নির্বাচিত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতি পদে নির্বাচিত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

  • 0

খলিলুর রহমান ৯৯ টি দেশের ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েছেন ৯১টি দেশের ভোট।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি।

নির্বাচনে খলিলুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস।

১৯৩ দেশের প্রতিনিধিরা গোপন ব্যালটের মাধ্যমে দুই প্রার্থীকে ভোট দেন। এই দুই প্রার্থীর বাইরে নতুন কাউকে কাগজে লিখে ভোট দেওয়ার সুযোগ সেখানে রাখা হয়েছিল।

নির্বাচনে মোট ভোট পড়েছে ১৯০ টি। খলিলুর রহমান পেয়েছেন ৯৯ ভোট আর সাইপ্রাসের কাকোরিস ৯১ ভোট পেয়েছেন।

আঞ্চলিকভাবে ঘুর্ণায়মান পদ্ধতিতে এবার এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে পরবর্তী সেশনের সভাপতি পেয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ।

এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক সংস্থাটির কেন্দ্রীয় পরিষদে সভাপতিত্বের দায়িত্ব পেল বাংলাদেশ।

এর আগে, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ১৯৭৭ সালে অনুষ্ঠিত প্রথম নিয়মিত বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন পদের পাশাপাশি বেশির ভাগ সময়ে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করেছেন তিনি।

চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারে প্রথমে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পান।

এরপর নির্বাচনে বিএনপির জয়ের পর তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে খলিলুর রহমানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া চমক তৈরি করে।