চার দিনের জাপান সফর শেষে ঢাকায় ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় উড়োজাহাজটির স্পয়লারে ত্রুটি ধরা পড়লে ফ্লাইটটির যাত্রা স্থগিত করা হয়। এতে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের অপেক্ষা করতে হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, বিজি-৩৭৭ ফ্লাইটটির স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে নারিতা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। যাত্রীদের বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। পরে রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত দেখা যায়। নিরাপত্তার স্বার্থে পাইলট উড্ডয়ন স্থগিত করার সিদ্ধান্ত নেন। এরপর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।
ত্রুটি শনাক্ত হওয়ার পরপরই উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেন প্রকৌশলীরা। সংশ্লিষ্ট প্রকৌশল শাখার তথ্য অনুযায়ী, ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি দল ত্রুটি মেরামতের কাজ করছে।
প্রকৌশলীদের প্রাথমিক ধারণা, মেরামত করে উড়োজাহাজটিকে পুনরায় উড্ডয়নযোগ্য অবস্থায় আনতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে। তবে মেরামত শেষ হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা সম্পন্ন হওয়ার পরই ফ্লাইটটির পরবর্তী যাত্রার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উড়োজাহাজের ডানায় থাকা স্পয়লার অবতরণের সময় উড্ডয়নক্ষমতা কমিয়ে গতি নিয়ন্ত্রণে সহায়তা করে। উড্ডয়নের বিভিন্ন পর্যায়েও এর ভূমিকা রয়েছে। ফলে স্পয়লারে ত্রুটি দেখা দিলে উড়োজাহাজের নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা ও মেরামত সম্পন্ন করা জরুরি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ত্রুটি মেরামতে প্রকৌশলীরা কাজ করছেন।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ অক্টোবর চার দিনের সফরে টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী।