খুচরা পণ্য বিক্রয়কারী বৃহত্তম অ্যামেরিকান কোম্পানি টার্গেট তাদের আপ অ্যান্ড আপ ব্র্যান্ডে কিছু পণ্য স্বেচ্ছায় প্রত্যাহার করেছে।
কর্তৃপক্ষের প্রত্যাহার করা পণ্যগুলো হলো শিশুর ত্বক পরিস্কার করতে ব্যবহৃত টিস্যু পেপার বা বেবি ওয়াইপস।
টার্গেটের প্রত্যাহার করা পণ্যের মধ্যে রয়েছে তাদের গন্ধহীন বেবি ওয়াইপস ২০, ৭২, ২১৬, ৮০০ ও ১২০০ টি করে প্যাকেজিং। শসার গন্ধযুক্ত ৭২, ২১৬, ৮০০টি করে প্যাকেজিং।
প্রত্যাহার করা এসব পণ্য টার্গেটের ওয়েবসাইট ও অ্যামেরিকা জুড়ে তাদের বিভিন্ন স্টোরে বিক্রি করা হয়েছে।
ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন-এফডিএ টার্গেটের আনুষ্ঠানিক একটি ঘোষণা শেয়ার দিয়ে শুক্রবার জানিয়েছে, প্রাথমিকভাবে কোম্পানিটির বেবি ওয়াইপস পণ্যের রং বদল সম্পর্কিত কিছু অভিযোগ পাওয়া গিয়েছিল। পরে নমুনা পরীক্ষার পর কিছু পণ্যের নমুনায় বার্কহোল্ডেরিয়া সেপাসিয়া কমপ্লেক্স এবং বার্কহোল্ডেরিয়া গ্ল্যাডিওলি ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়। এই ব্যাকটেরিয়াগুলো মানুষের অসুস্থতার কারণ। বিশেষ করে শিশুদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ।
একইসঙ্গে টার্গেট জানিয়েছে, ব্যকটেরিয়াগুলো সুস্থ মানুষের ত্বকে ক্ষত থাকলে সংক্রমিত হতে পারে। তবে রোগ প্রতিরোধে দুর্বল, বিশেষ করে নবজাতক ও শিশুদের ক্ষেত্রে রক্তে সংক্রমিত হয়ে প্রাণহানির কারণ হতে পারে।
এবিসি নিউজকে দেওয়া এক বিবৃতিতে টার্গেটের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা আমাদের গ্রাহক এবং পণ্যের নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্ব দিই। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে টার্গেট পণ্যগুলো স্বেচ্ছায় প্রত্যাহার করেছে।‘
সেইসঙ্গে প্রত্যাহার হওয়া পণ্যের বিস্তারিত তথ্য ও বিক্রিত পণ্যের মূল্য ফেরত পেতে আনুষ্ঠানিক ঘোষণাটি দেখার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রত্যাহারকৃত সব ওয়াইপসের সম্পূর্ণ তালিকা, আইটেম নম্বর, ইউপিসি নম্বর, উৎপাদন কোড এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ এফডিএর ঘোষণায় পাওয়া যাবে।