ওয়াশিংটনের জিম্মিবিষয়ক দূত অ্যাডাম বোলারের সফরের পর আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান দেশটিতে আটক আরেক অ্যামেরিকানকে মুক্তি দিয়েছে বলে জানিয়েছে ফেডারেল সরকার।
আফগানিস্তানে ২০২৪ সাল থেকে আটক ছিলেন আমির আমিরি, যাকে মুক্তি দেওয়া হয়েছে কাতারের মধ্যস্থতায়। রবিবার সন্ধ্যায় তিনি কাতারের রাজধানী দোহার পথে ছিলেন বলে রয়টার্সকে জানিয়েছে নাম ও জাতীয়তা প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র।
আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ অ্যামেরিকাকে দিতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির এক সপ্তাহ পর আফগানিস্তানে যান বোলার। ট্রাম্প তার বক্তব্যে বাগরাম ঘাঁটির নিয়ন্ত্রণ না দিলে আফগানিস্তানের সঙ্গে বাজে কিছু ঘটার ইঙ্গিত দিয়েছিলেন।
সূত্রটি জানায়, কাতারি মধ্যস্থতায় এ বছর আমিরিসহ পাঁচজন অ্যামেরিকানকে মুক্তি দিল তালেবান। এ ছাড়া আট মাস বন্দি থাকা ব্রিটিশ দম্পতিকেও ছেড়ে দিয়েছে আফগানিস্তানে ক্ষমতাসীনরা।
অ্যামেরিকার বন্দিকে ছেড়ে দেওয়ার ঘটনাটির সত্যতা এক্সে এক পোস্টে নিশ্চিত করেন সেক্রেটারি অব স্টেইট মার্কো রুবিও।
কাতারের প্রশংসা করে পোস্টে তিনি লিখেন, অন্যায্যভাবে আটক সব অ্যামেরিকানকে দেশে ফিরিয়ে আনার আগে থামবে না অ্যামেরিকা।
এদিকে এখনও আটক আহমেদ হাবিবির ভাই মাহমুদ হাবিবি এক বিবৃতিতে জানান, তালেবানের সঙ্গে যেকোনো চুক্তিতে হাবিবির মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে বলে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বারবার তাকে আশ্বস্ত করা হয়েছে।
তিনি আরও জানান, জো বাইডেনের প্রশাসন তাদের জন্য কিছুই করেনি। ট্রাম্পের প্রতি তাদের আস্থা আছে।
আফগানিস্তানের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের সাবেক প্রধান আহমেদ হাবিবিকে আটকের কথা অস্বীকার করেছে তালেবান সরকার।