আফগানিস্তানে এফএম রেডিও স্টেশনগুলোর মাধ্যমে পরিচালিত বিবিসির সম্প্রচার বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। ‘বারবার নিয়ম লঙ্ঘনের’ অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়। তবে কী ধরনের নিয়ম লঙ্ঘন করা হয়েছে, তা জানানো হয়নি।
তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র খবাইব ঘুফরান স্থানীয় গণমাধ্যমকে বলেন, বিবিসির বারবার নিয়ম লঙ্ঘনের কারণে আপাতত দেশজুড়ে তাদের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।
এক বিবৃতিতে বিবিসি বলেছে, আফগানিস্তানের লাখো মানুষ নির্ভরযোগ্য সংবাদ ও তথ্যের জন্য তাদের ওপর নির্ভর করেন। পরিস্থিতি সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে সংবাদমাধ্যমটি।
বিবিসি আরও জানিয়েছে, আফগানিস্তানে পশতু, দারি ও ইংরেজি ভাষায় স্বাধীন ও নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন অব্যাহত থাকবে। স্বল্পতরঙ্গ ও মধ্যমতরঙ্গের রেডিও, অনলাইন এবং স্যাটেলাইটের মাধ্যমে এসব সংবাদ প্রচার করা হবে।
বিবিসির তথ্য অনুযায়ী, প্রতি সপ্তাহে আফগানিস্তানের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ২০ শতাংশের বেশি মানুষের কাছে পৌঁছায় তাদের সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত মেয়েদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠানও রয়েছে।
২০২২ সালে অ্যামেরিকার দুটি সংবাদমাধ্যমকে আফগানিস্তানে কার্যক্রম চালাতে নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে দেশটিতে সম্প্রচার চালিয়ে আসা একমাত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তানের গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ কঠোর করা হয়েছে। দেশটিতে গান প্রচার করা হয় না। টেলিভিশনে নারীদের উপস্থিতিও কমেছে। এখন আর সম্প্রচারে পুরুষদের সঙ্গে একসঙ্গে নারীদের দেখা যায় না।