Skip to main content

ভারতে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনে নারী সাংবাদিক প্রবেশে বাধা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১০ ২০২৫, ২০:০৭ হালনাগাদ: এপ্রিল ১৩ ২০২৬, ১৫:৩২

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। ছবি: রয়টার্স

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। ছবি: রয়টার্স

  • 0

এ ঘটনায় সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান উপস্থিত সংবাদকর্মীরা। ঘটনাস্থলেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও ভিডিওবার্তায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

আফগানিস্তানের পররাষ্ট্র আমির খান মুত্তাকির আপত্তির কারণে নয়াদিল্লিতে তার সংবাদ সম্মেলনে প্রবেশ করতে পারেননি নারী সাংবাদিকরা, যা নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিকেলে দিল্লিতে আফগান দূতাবাসে সংবাদ সম্মেলনের সময় ওই ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনে মুত্তাকির আমন্ত্রণে যথাসময়ে উপস্থিত হন ভারতীয় সংবাদমাধ্যমের কর্মীরা। সেখানে তালেবান সরকারের নির্ধারিত ‘ড্রেস কোড’ মেনে এসেছিলেন নারী সংবাদকর্মীরা। তা সত্ত্বেও নারীদের সংবাদ সম্মেলনে উপস্থিত হতে নিরাপত্তাকর্মীরা বাধা দেন।

এ ঘটনায় সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান উপস্থিত সংবাদকর্মীরা। ঘটনাস্থলেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও ভিডিওবার্তায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

মুহূর্তেই বিষয়টি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। নেটিজেনরাও তালেবান মন্ত্রীর এমন আচরণে প্রশ্ন তোলেন।

ছয় দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার ভারতে পৌঁছান মুত্তাকি। শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস. জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে অংশ নেন তিনি।

ভারত ও আফগানিস্তানের সম্পর্ক নিয়ে কথা হয় দুজনের মধ্যে।

জয়শঙ্কর আফগানিস্তানের কাবুলে অবস্থিত ভারতীয় ‘টেকনিক্যাল মিশন’ অফিসটি ভারতীয় দূতাবাস করার প্রস্তাব জানান। এ প্রস্তাবে স্বাগত জানান মুত্তাকি।

আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালেবান সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মুত্তাকি। ২০২১ সালে তালেবান দেশটির ক্ষমতা গ্রহণের পর থেকে নারীদের ওপর চালু করে নানা বিধিনিষেধ।