স্পেনের ফুটবলার জেসুস দে মিগেলের মৃত্যু নতুন করে আলোচনায় এনেছে ২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালে জিনেদিন জিদানের সেই আলোচিত হেডবাটের ঘটনা। বার্লিনে ইতালি-ফ্রান্সের ফাইনালে অতিরিক্ত সময়ে ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জির বুকে হেডবাট করে লাল কার্ড দেখেছিলেন জিদান। সাম্প্রতিক দে মিগেলের মৃত্যুর ঘটনা সেই স্মৃতি মনে করিয়ে দিয়ে মাতেরাজ্জিকে ভাবিয়েছে, সেদিন বড় কোনো দুর্ঘটনা না ঘটায় কতটা ভাগ্যবান ছিলেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইতালির সংবাদমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে এমন উপলব্ধির কথা জানান মাতেরাজ্জি।
সম্প্রতি স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে সিডি টেনেরিফের হয়ে খেলার সময় প্রতিপক্ষ গোলকিপার আন্দোরা গোলকিপার জেসুস ওওনোর সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন ৩০ বছর বয়সী দে মিগেল। পরে তাঁর মৃত্যু হয়।
মাতেরাজ্জি বলেন, ‘হেসুস দে মিগেলের মৃত্যু আমাকে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে বাধ্য করেছে যে, আমার সঙ্গে তেমন কিছু ঘটেনি।’
২০০৬ বিশ্বকাপের ফাইনালে ইতালি ও ফ্রান্সের ম্যাচে ঘটে সেই আলোচিত ঘটনা। ম্যাচের অতিরিক্ত সময়ে মাতেরাজ্জির বুকে মাথা দিয়ে হেডবাট করেন ফ্রান্সের অধিনায়ক জিদান। এর পরই তাঁকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ফলে ক্যারিয়ারের শেষ ম্যাচে মাঠ ছাড়তে হয় জিদানকে।
নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জেতে ইতালি।
বিশ্বকাপ ফাইনালের সেই ঘটনা ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে আছে। গত মাসে জিদানও স্বীকার করেন, ওই ঘটনার জন্য তিনি গর্বিত নন। তবে এ নিয়ে অনুতপ্তও নন।
মাতেরাজ্জি জানান, ২০১০ সালে মিলানের একটি হোটেলে তাঁদের আবার দেখা হয়েছিল। সেদিন দুজনের মধ্যে করমর্দনও হয়। তাঁর দাবি, জিদান তখন বলেছিলেন, ‘চিন্তা করো না, এসব ঘটনা ঘটে। সবকিছু অতীত হয়ে গেছে।’
তবে ওই সাক্ষাতের বিষয়ে মাতেরাজ্জির বক্তব্য অস্বীকার করেছিলেন জিদান। ফরাসি কিংবদন্তির দাবি ছিল, তিনি মাতেরাজ্জিকে একজন ভক্ত ভেবেছিলেন।
জিদানের এমন বক্তব্যে হতাশা প্রকাশ করে মাতেরাজ্জি বলেন, পরে পুরো বিষয়টি অস্বীকার করায় তিনি দুঃখ পেয়েছেন।
সূত্র: রয়টার্স।