ইরানের পার্শ্ববর্তী দেশ ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার মরুভূমিতে ইসরায়েল একটি গোপন সামরিক ঘাঁটি স্থাপন করেছিল বলে দাবি করেছে সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
আ্যমেরিকান সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাত মোকাবিলায় গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগেই এই ঘাঁটি তৈরি করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ঘাঁটিটিতে ইসরায়েলের বিশেষ বাহিনী ও উদ্ধারকারী ইউনিট মোতায়েন ছিল। ইরানের ভেতরে কোনো যুদ্ধবিমান ভূপাতিত হলে উদ্ধার অভিযান চালানোর প্রস্তুতিও সেখানে রাখা হয়েছিল।
ঘাঁটির বিষয়টি প্রথমে স্থানীয় এক রাখাল টের পান। তিনি হেলিকপ্টারের চলাচল ও গুলির শব্দ শুনে কর্তৃপক্ষকে জানান।
পরে ইরাকি বাহিনী তদন্ত শুরু করলে ইসরায়েলি হামলায় এক ইরাকি সেনা নিহত হন বলে দাবি করা হয়।
ইরাকি কর্মকর্তারা অভিযোগ করেন, ঘাঁটিটি তাদের অনুমতি ছাড়াই পরিচালিত হয়েছে। তবে ইসরায়েল এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।