ফ্যাশন মানেই কি জাঁকজমক, আভিজাত্য আর ব্যতিক্রমী পোশাক? নিত্যদিনের সাধারণ জিনস, টি-শার্ট কিংবা রেইনকোটেও কি লুকিয়ে থাকতে পারে অসাধারণ সৌন্দর্য? এমন প্রশ্ন সামনে রেখেই ২০২৭ সালের বিশ্বের অন্যতম বড় ফ্যাশন উৎসব মেট গালার আয়োজন সাজাচ্ছে নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট।
আগামী বছরের মেট গালা ও মিউজিয়ামের কস্টিউম ইনস্টিটিউটের প্রদর্শনীর থিম নির্ধারণ করা হয়েছে ‘এক্সট্রাঅর্ডিনারি: ফ্যাশন অ্যান্ড দ্য পোয়েটিকস অব দ্য এভরিডে’। বাংলায় যার অর্থ দাঁড়ায়, ‘অসাধারণ: ফ্যাশন ও দৈনন্দিন জীবনের কাব্যিকতা’। ৫ নভেম্বর নতুন এই থিম ঘোষণা করে মিউজিয়াম কর্তৃপক্ষ।
প্রদর্শনীর মূল ভাবনা হলো, প্রতিদিনের পরিচিত পোশাকের মধ্যেও কীভাবে অসাধারণ সৌন্দর্য তৈরি হতে পারে, তা তুলে ধরা। জিনস ও টি-শার্টের পাশাপাশি রেইনকোট, সোয়েটশার্ট, পাফার জ্যাকেটের মতো সাধারণ পোশাকও থাকবে প্রদর্শনীতে। যেসব পোশাক প্রতিদিনের জীবনে খুব পরিচিত, ফ্যাশনের জগতে সেগুলোর নান্দনিকতা ও সম্ভাবনাই নতুনভাবে আবিষ্কার করতে পারবেন দর্শনার্থীরা।
ফ্যাশন ডিজাইনাররা কীভাবে সাধারণ পোশাককে নতুন আঙ্গিকে উপস্থাপন করেন, সেটিও থাকবে প্রদর্শনীর অন্যতম আকর্ষণ। দৈনন্দিন পোশাককে নকশা, কাটিং ও উপকরণের ব্যবহারে কীভাবে রানওয়ের উপযোগী করে তোলা হয়, তা দেখানো হবে। শুধু প্রচলিত কাপড় নয়, কাগজ, অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের মতো উপকরণ ব্যবহার করে তৈরি পোশাকও থাকবে এতে।
অর্থাৎ, প্রদর্শনীটি শুধু পোশাকের নকশা দেখানোর আয়োজন নয়; বরং পরিচিত জিনিসকে নতুন চোখে দেখার একটি প্রচেষ্টা।
প্রদর্শনীর আয়োজন করছেন কস্টিউম ইনস্টিটিউটের প্রধান কিউরেটর অ্যান্ড্রু বোল্টন। ভোগ ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এমন একটি প্রদর্শনীর ধারণা তৈরি করা গুরুত্বপূর্ণ ছিল, যা শুধু বিখ্যাত শিল্পকর্মের প্রদর্শনী হবে না কিংবা সহজে আয়োজন করা যায় এমন কোনো বিষয়েও সীমাবদ্ধ থাকবে না। এর সঙ্গে সমসাময়িক সময়ের যোগসূত্র থাকাও জরুরি ছিল।
তবে ২০২৭ সালের মেট গালার এই থিম শুরু থেকেই নির্ধারিত ছিল না। এর আগে ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার জন গ্যালিয়ানোর কাজ নিয়ে ‘জন গ্যালিয়ানো: হরাইজনস’ শিরোনামে একটি প্রদর্শনীর পরিকল্পনা করেছিল মেট্রোপলিটন মিউজিয়াম। সেই প্রদর্শনীকে কেন্দ্র করেই মেট গালার আগের থিম সাজানোর কথা ছিল।
কিন্তু ২০১০ ও ২০১১ সালে গ্যালিয়ানোর ইহুদিবিদ্বেষী ও বর্ণবাদী মন্তব্যের কারণে পরিকল্পনাটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে এবং আগের থিমটি বাতিল হয়।